সরকারি জমিতে নেতার পুকুর, প্রশাসন জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সরকারি ৭২ শতক জমি দখল করে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা পুকুর খনন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ঝিকড়া ইউনিয়ন শাখার আইনবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম ১০ দিন ধরে এ পুকুর খনন করছেন। আওয়ামী লীগের নেতা পুকুর খননের কথা স্বীকারও করেছেন। তবে এ ব্যাপারে কিছুই জানা নেই বলে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের।
স্থানীয় লোকজনের অভিযোগ, আওয়ামী লীগের ঝিকড়া ইউনিয়ন শাখার আইনবিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম চলতি মাসের ৭ মার্চ থেকে সরকারি (খাস) জমি দখল করে পুকুর খনন করছেন। ইউনিয়নের ঝিকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ৭২ শতক সরকারি জমির কিছু অংশে একটি ডোবা রয়েছে। বাকিটা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত। আওয়ামী লীগের ওই নেতা সেখানে খননযন্ত্র বসিয়ে পুকুর খুঁড়ছেন। তিনি প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন বাধা দিতে সাহস পাননি। মাঝে একদিন পুলিশ এসে খননযন্ত্রের চাবি কেড়ে নেয়। একদিন খননকাজ বন্ধ থাকে। তারপর থেকে অবশ্য আবার কাজ চলছে। সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জমি দখল করে ওই আওয়ামী লীগ নেতা পুকুরটি খুঁড়ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সরকারি জমিতে পুকুর খননের অভিযোগ স্বীকার করে বলেন, ডোবার ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় থাকায় তিনি তা সংস্কার করে মাছ চাষের উপযোগী করছেন। প্রশাসনের লোকজন তাঁকে নিষেধ বা কোনো বাধা দেননি। একদিন এক পুলিশ কর্মকর্তা খননযন্ত্রের চাবি কেড়ে নিয়ে পরে তা ফেরতও দিয়ে দিয়েছেন। এ ছাড়া অন্য কেউ বাধা দেননি।
বাগমারা থানার সহকারী উপপরিদর্শক আইনুল হক বলেন, ওই পথে যাওয়ার সময় খননকাজ চলতে দেখে খননযন্ত্রের চাবি নিয়ে নিয়েছিলেন। পরে কোনো অভিযোগ না থাকায় আবার চাবি ফেরত দিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
সরেজমিনে গতকাল বুধবার ঝিকড়ায় গিয়ে দেখা যায়, একটি পুরোনো ডোবাকে মাঝখানে রেখে ড্রেজার দিয়ে চলছে খননকাজ। ডোবায় সামান্য পরিমাণ পানি রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে পুকুর খনন চলছে বলে খননকাজে জড়িত দুজন শ্রমিক জানান।
উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাগমারার ইউএনও নাছরিন আক্তার ৩ মার্চ ওই ডোবা ইজারা দেওয়ার জন্য স্থানীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে ইজারার কার্যক্রম। এখন পর্যন্ত ডোবাসহ ওই খাস জমি ইজারা দেওয়া যায়নি।
স্থানীয় আফজাল হোসেন, মেছের আলীসহ সাত-আটজন চাষি বলেন, ওই ডোবাতে সামান্যই পানি। এ ডোবার পানি তাঁরা প্রয়োজনে সেচকাজে লাগাতেন। তবে প্রভাবশালী সফিকুল ইসলাম ডোবা ঘিরে পুকুর করায় সেখান থেকে তাঁদের আর সেচের জন্য পানি নেওয়ার সুযোগ থাকছে না। তাঁদের ভাষ্য মতে, আওয়ামী লীগ নেতা যে পরিমাণ জমি দখল করেছেন তার দাম ৩০ থেকে ৪০ লাখ টাকা হবে।
আওয়ামী লীগের ঝিকড়া ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ সরকারি জমিতে পুকুর খনন করা সফিকুল ইসলামের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, তিনি সরকারি জমিতে পুকুর খননের বিষয়টি শুনেছেন। তবে দেখেননি। এটা প্রশাসনের দেখার বিষয় বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামানও একই ধরনের কথা বলেছেন।
এ ছাড়া বাগমারায় পুকুর খনন বন্ধে ও খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ শহিদুল ইসলাম বলেন, ঝিকড়া ইউনিয়নের ওই মৌজায় ৭২ শতক জমি রয়েছে। সে জমি এখনো ইজারা দেওয়া হয়নি বলে তিনি জানান।
পুকুর খনন বন্ধের জন্য উপজেলা প্রশাসনের গঠিত কমিটির আহ্বায়ক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।