সরকারি জমিতে যুবলীগ নেতার কয়লাভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দর এলাকার আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়লাভাটা নির্মাণ করা হয়েছে। স্থানীয় যুবলীগের এক নেতা ওয়াক্ফ এস্টেটের জমি দখল করে সেখানে কয়লাভাটা নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন ও সরকারিভাবে নিযুক্ত মোতোয়াল্লি পরিবারের সদস্যদের অভিযোগ, যুবলীগের নেতা মিজান মোল্লা ওয়াক্ফ এস্টেটের ৭ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১ একর ৫৭ শতাংশ জমি দখল করে ওই কয়লাভাটা নির্মাণ করেছেন।
সরেজমিনে দেখা যায়, আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ৪০ মিটার দক্ষিণে, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় ও কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১০০ মিটার পশ্চিম-দক্ষিণে, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ থেকে ১৫০ মিটার পশ্চিমে জনবসতিপূর্ণ এলাকায় ওই কয়লাভাটাটি নির্মাণ করা হয়েছে। এতে বিশাল আকৃতির ছয়টি চুলা রয়েছে। চুলার পাশে ১০-১৫ ফুট দৈর্ঘ্যের কয়েকটি প্লাস্টিকের পাইপ লম্বা করে দেওয়া হয়েছে। ওই পাইপ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ভাটার সামনের অংশে একটি টেম্পোস্ট্যান্ড, সড়কের দুই পাশে ৩৪-৩৫টি দোকান রয়েছে।
কয়লাভাটার দায়িত্বে থাকা মো. আনোয়ারুল নামের এক মিস্ত্রি বলেন, প্রতিটি চুলায় ৩০০ মণ করে ছয়টি চুলায় কাঠ ঢুকিয়ে আগুন দেওয়া হয়। ১০-১৫ দিন সময় লাগে ওই কাঠ পুড়তে। ওই কাঠ পুড়েই ১৮-২০ মেট্রিক টন কয়লা তৈরি হবে। আর এই কয়লাভাটার মালিক কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা (৩৫)।
তবে মিজান মোল্লা দাবি করেন, শাহজাদা মিয়া নামের এক মোতোয়াল্লির কাছ থেকে তিনি ওই জমি ইজারা নিয়েছেন। কিন্তু সেখানে কয়লাভাটা করার কোনো অনুমতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অনুমতি নেই। তবে এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজাদা মিয়া নামে ওই ওয়াক্ফ এস্টেটের কোনো মোতোয়াল্লি নেই। বর্তমান মোতোয়াল্লির দায়িত্বে আছেন জাহাঙ্গীর হোসেন মিয়া ও সোলায়মান মিয়া। নিয়মানুযায়ী ওয়াক্ফ এস্টেটের কোনো জমি ইজারা দেওয়ার আগে ওয়াক্ফ প্রশাসকের অনুমতি নিতে হয়। সে ধরনের কোনো অনমুতিও ওই এস্টেটের মোতোয়াল্লিদের দেওয়া হয়নি। আর ইট কিংবা কয়লাভাটা করার অনুমতি তাঁরা (ওয়াক্ফ প্রশাসক) দিতে পারেন না। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে।
মোতোয়াল্লি জাহাঙ্গীর হোসেন মিয়া অভিযোগ করেন, ওই জমি কাউকে ইজারা দেওয়া হয়নি। প্রায় এক বছর আগে ওই জমির সম্মুখভাগে নির্মাণ করা তাঁদের কয়েকটি দোকানঘর জোর করে ভেঙে দেওয়া হয়। এরপর ওই জমি দখল করেন মিজান মোল্লা। পরিবেশ অধিদপ্তর বরিশালের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, এই অঞ্চলে (বরিশাল বিভাগ) কয়লাভাটা করার অনুমতি দেওয়া হয়নি। এমনকি দেওয়ার কোনো সুযোগও নেই। ওই কয়লাভাটার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, এ ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।