সরকারি জমিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানপাট

ঢাকার আশুলিয়ার খেজুরটেক এলাকায় রাস্তার পাশে সরকারি জমিতে টিনের চালা দিয়ে ২৫টির মতো দোকানপাট বসানো হয়েছে। এসব দোকান থেকে ভাড়া আদায় করছেন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতা।
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বেলতলা থেকে দেড় কিলোমিটার দূরে খেজুরটেক-ঘোড়াপীড়ের মাজার সড়কের পাশেই খেজুরটেক বাজার। এই বাজারে যাওয়ার পথে একটি কারখানার সীমানাপ্রাচীর ঘেঁষে রাস্তার পাশে গড়ে তোলা হয়েছে দোকানগুলো। ছোট আকারের এসব দোকানের একেকটির আয়তন ৪০ থেকে ৫০ বর্গফুটের মতো।
এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুই বছর আগে এসব দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। দোকানগুলো নির্মাণের পরপরই সেখানে ‘বঙ্গবন্ধু হকার্স মার্কেট’ ব্যানার ঝুলিয়ে দেন তিনি।
দোকান-মালিক মোসলেম উদ্দিন বলেন, মাস ছয়েক আগে পাঁচ হাজার টাকা জামানত দিয়ে তিনি দোকানটি ভাড়া নিয়েছেন। ওই দোকানের জন্য তাঁকে ১ হাজার ৪০০ টাকা মাসিক ভাড়া দিতে হয়। পাশের খাবার হোটেলের ব্যবসায়ী খাজা মিয়া বলেন, বছরখানেক আগে মাসিক ১ হাজার ২০০ টাকায় তিনি দোকানটি ভাড়া নিয়েছেন। মাসের শেষে সোহেল ও মিজান নামে দুই যুবক এসে তাঁর কাছ থেকে ভাড়া নিয়ে যান। এলাকায় তাঁরা (সোহেল ও মিজান) মোশাররফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পানের দোকান করেন স্বাধীন ইসলাম। তিনি ৫ হাজার টাকা জামানত দিয়ে একটি দোকান ভাড়া নিয়েছেন। তাঁর কাছ থেকে মাসে ৮০০ টাকা ভাড়া আদায় করা হয়।
ব্যাটারিচালিত ইজিবাইকের চালক মো. হান্নান বলেন, সড়ক ঘেঁষে দোকানপাট তোলায় খেজুরটেকের ওই এলাকায় (যেখানে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করা হয়েছে) যান চলাচল বাধাগ্রস্ত হয়। বিশেষ করে সকালের দিকে বাজার চলমান থাকার সময় লোকজনের ভিড়ের কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।
যোগাযোগ করা হলে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তাঁরা পৈতৃক সূত্রে ওই জমির মালিক। তাই ওই জমির ওপর দোকান তুলে ভাড়া দিয়েছেন। জমিতে বঙ্গবন্ধুর নামে ব্যানার টানানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমি দল করি, তাই বঙ্গবন্ধুর নামেই মার্কেটটির নামকরণ করা হয়েছে। আর দলীয় কর্মীদের পুনর্বাসনের জন্য এসব দোকান থেকে ভাড়া আদায় করা হয়।’
তবে খেজুরটেকসহ আশপাশের এলাকার অনেকেই বলেন, ওই এলাকায় মোশাররফদের কোনো জমি নেই। বিশেষ করে পাকা সড়কের উভয় পাশের ৫ থেকে ১০ ফুট চওড়া ব্যক্তিমালিকানার কোনো জমি থাকার কথা নয়।
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলার (উত্তর) সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, দলের কোনো নেতার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা দলের নামে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ বলেন, ‘এ রকম অভিযোগ আমিও পেয়েছি। সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’