সরকারি জলাশয় ভরাট, আ.লীগ নেতার মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের বিজয়নগর বাজারের পাশে মাটি ফেলে সরকারি জলাশয় ভরাট করে বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করা হচ্ছে। দোকান বরাদ্দের নামে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক হাসেম মোল্লার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গালা ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে জানা গেছে, ইউনিয়নের দশবাড়িয়া মৌজার বিজয়নগর বাজারে ১২১ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ জলাশয়। ওই জলাশয়ের প্রায় ১৩ শতক জায়গায় মাটি ফেলে ভরাট করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় এক মাস আগে ড্রেজারের পাইপের মাধ্যমে পাশের ইছামতি নদী থেকে বালু এনে জলাশয় ভরাট শুরু করেন হাসেম মোল্লা। মসজিদ নির্মাণের জন্য জায়গা ভরাটের অজুহাতে এখন সেখানে বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদুল বেপারির স্ত্রী শামেলা বেগম বলেন, তাঁদের বাড়ির সীমানার ভেতরে মসজিদ নির্মাণ করা হচ্ছে। অথচ যেখানে মসজিদ নির্মাণের কথা ছিল, সেখানে হচ্ছে মার্কেট।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বিজয়নগর বাজারের দক্ষিণ পাশে মাটি দিয়ে ভরাট করা অংশে টিন ও সিমেন্টের খুঁটি দিয়ে তৈরি লম্বা দুটি ঘর নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ও আবদুর রাজ্জাকসহ ২০ ব্যক্তি প্রতিটি দোকানের বরাদ্দ বাবদ ১৫ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা দিয়েছেন।
হাসেম মোল্লা বলেন, ভরাট করা জলাশয়ের ১২ শতাংশ জায়গা তাঁর পৈতৃক সম্পত্তি। আরএস রেকর্ডে এ জায়গা ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ছিল। ভুলক্রমে এসএ রেকর্ডে ওই জায়গা খাস খতিয়ান হিসেবেই নথিভুক্ত করা হয়। এ কারণে আদালতে মামলা করেছেন তিনি। তবে আদালত এখনো রায় দেননি।
গালা ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ‘নির্মীয়মাণ ওই মার্কেটের জায়গা ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। মাটি ফেলে ভরাটের সময় ইউপি সদস্যকে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) মৌখিকভাবে জানিয়েছি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন আরা লাবণী বলেন, সরেজমিনে খোঁজ নিয়ে মার্কেট ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় রোববার পুলিশের সহায়তায় সেটি উচ্ছেদ করা হবে।