সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে ৪৭ শতক সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। জামায়াত ও ক্ষমতাসীন দলের নেতারা এসব কাজ করছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দখল করা জমির দাম প্রায় পাঁচ কোটি টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফজাল আহমেদ বলেন, উপজেলার পূর্ব ফরহাদাবাদ মৌজার বিএস ৮১০, ৮১৩, ৮১৪ ও ৮৬০ দাগ ৫ নম্বর খতিয়ানের বিভিন্ন শ্রেণিভুক্ত জেলা পরিষদের সম্পত্তি। এসব দাগের ৪৭ শতক জমিতে মাটি ভরাট করে দখল করেন কয়েকজন ব্যক্তি। সেখানে সীমানাপ্রাচীর দিয়ে দোকান নির্মাণ করছেন তাঁরা। এ ছাড়া একটি সরকারি ডোবা পুরোপুরি ভরাট করে ওই ব্যক্তিরা দখল করে নিয়েছেন। এতে বর্ষাকালে বাজারে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।
জেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, এসব জায়গা নিয়ে ইতিমধ্যে উচ্ছেদ মামলা হয়েছে। জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট নিয়োগ করলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় বাসিন্দা ও ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, ‘দখল করা জমিতে মার্কেট নির্মাণের জন্য এর আগে সরকার দোকান বরাদ্দ দিতে আবেদন সংগ্রহ করেছিল। কিন্তু কিছু দুর্বৃত্ত ইতিমধ্যে ওই জায়া দখল করে নিয়েছেন। এসব দ্রুত উচ্ছেদ হওয়া জরুরি।’ স্থানীয় লোকজন জানান, এসব জায়গা দখলে নেতৃত্বে রয়েছেন স্থানীয় জামায়াত ও আওয়ামী লীগের দুজন নেতা। তাঁদের ভয়ে এলাকাবাসী দখলের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
নাজিরহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ দিদারুল আলম জানান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওরফে বাবুল এবং স্থানীয় জামায়াত নেতা আবু তাহের ওরফে বাচা এসব দখলের কাজে জড়িত। সরকার এসব অবৈধ দোকান উচ্ছেদ করে দ্রুত দোকান নির্মাণ করে বরাদ্দ না দিলে আরও অনেক জায়গা এভাবে বেদখল হয়ে যাবে।
দখলদার আওয়ামী লীগ নেতা এনামুল হক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন ‘এ জায়গার পাশে আমাদের জায়গা সরকার দখল করেছে। এসব আমার মৌরসি সম্পত্তি। মৌরসি জায়গার সঙ্গে কিছু খাসজমি আমাদের দখলে চলে এসেছে। আমরা এ জন্য সরকারের কাছ থেকে লিজ নেওয়ার জন্য মামলা করেছি।’
জামায়াত নেতা আবু তাহের এসব সম্পত্তি নিজের বলে দাবি করে বলেন, ‘পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির ওপর নিজের খরচে ইতিমধ্যে একাধিক দোকান নির্মাণ করেছি। জেলা পরিষদের সম্পত্তি বলতে এখানে কিছু থাকলেও তা আমি দখল করিনি।’
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ‘সরকারি জমি দখলের অভিযোগ পেয়েছি। শিগগিরই এসব উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তা দখলমুক্ত করা হবে।’