সরকারি জায়গা দখল করে বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে সরকারি জায়গা দখল করে এক ব্যক্তি বিপণিবিতান নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাস্তার পাশের ওই জায়গা দখল হয়ে যাওয়ায় সেখানে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ।
স্থানীয় বিত্তশালী শেখ রাশেদ এ বিপণিবিতান নির্মাণ করছেন। সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার মাদ্রাসার দক্ষিণ-পূর্ব রাস্তার পাশের জায়গা দখল করে সেখানে সারিবদ্ধভাবে কয়েকটি পাকাঘর করা হচ্ছে।
ভূমি কার্যালয় থেকে জানা যায়, দখলকৃত ২০ শতাংশ জমি এক নম্বর খাস খতিয়ানভুক্ত ৩৬২২ নম্বর দাগের অংশ। সদরপুরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী আবুল কাশেম জানান, সেখানে কতটুকু সরকারি জায়গা রয়েছে তা মাপজোখে নির্ধারিত হবে। তার আগ পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে গত শনিবার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন বিকেলে সরেজমিনে দেখা যায়, রাশেদ নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ওই জায়গাটিতে আগে আড়িয়াল খাঁ নদ থেকে পানি সঞ্চালনের খাল ছিল। পরে খালটির অংশবিশেষ ভরাট করে চন্দ্রপাড়া বাজার গড়ে তোলা হয়। খালের বাকি অংশের জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন শেখ রাশেদ।
শেখ রাশেদ বলেন, ব্যক্তিমালিকানাধীন জমিতে বিপণিবিতান করা হচ্ছে। সরকারি জায়গা দখলের অভিযোগ সঠিক নয়।