সরকারি জায়গায় আ.লীগ নেতার মার্কেট নির্মাণ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের এক নেতা বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তি উপজেলার সিধুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম। ওই জমিতে ৩১ বছর সিধুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন ছিল। তবে মাহবুব আলম বিপণিবিতান করার অভিযোগ অস্বীকার করেছেন।
সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদের ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। ছাদ চুইয়ে পানি পড়ত। দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারগঞ্জ কার্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এর পর থেকে আমরা অস্থায়ীভাবে বাজারের ভেতরেই দুই কক্ষের একটি ভবন ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পরিত্যক্ত ঘোষণা করায় সিধুলী ইউপি ভবন নিলামে বিক্রি করে দেওয়ার জন্য মাহবুব আলম উপজেলা মূল্যায়ন কমিটির কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে অনুমতি চেয়ে গত ১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগেচিঠি পাঠানো হয়। পরে স্থানীয় সরকার বিভাগ ভবনটি নিলামে বিক্রি করার অনুমোদন দেয়। অনুমোদনের চিঠি পাওয়ার পর উপজেলা নিলাম মূল্যায়ন কমিটি গত ৯ জুলাই ইউপি ভবনটি মাহবুব আলমের কাছে ৮১ হাজার ২৫৮ টাকা ৫০ পয়সায় বিক্রি করে দেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম এক প্রশাসনিক কর্মকর্তাকে চাপ দিয়ে ইউপি ভবন ঝুঁকিপূর্ণ দেখান। পরে কৌশলে ভবনটি নিজের নামে নিলামে কিনে নেন। নিলামে কিনে নেওয়ার পর ইউপি ভবনটি ভেঙে ফেলা হয়। আগস্ট মাসে সেখানে বিপণিবিতান নির্মাণ শুরু করেন তিনি। ওই জায়গার চারদিকে টিনের বেড়াও দিয়েছেন তিনি।
সিধুলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-সাদী বলেন, মাহবুব আলম দুই বছর আগে ওই জমি বন্দোবস্ত নেওয়ার জন্য জেলায় একটি লিখিত দরখাস্ত করেছেন। ওই দরখাস্ত এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ইউপির নতুন ভবন নির্মাণ করার জন্য আমি ৩০ শতাংশ জমি রেজিস্ট্রিমূলে দলিল করে দিয়েছি। বদলে ইউনিয়ন পরিষদের ৮ শতাংশ জায়গার চারদিকে দেয়াল দিচ্ছি মাত্র। আমি ইউনিয়ন পরিষদের কোনো জায়গা জোর করে দখল করি নাই। তবে ওই জায়গাটির বন্দোবস্তের প্রক্রিয়া চলছে।’
মাদারগঞ্জের ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সরকারি জমিতে কারও ব্যক্তিগত স্থাপনা নির্মাণের সুযোগ নেই। তবে আমার মনে হয়, মাহবুব আলম জায়গাটি বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করছেন।’