সরকারি জায়গা দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতা সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজারের উত্তর পাশে সেতুসংলগ্ন দেড় শতাংশ জমিতে দুই কক্ষবিশিষ্ট এই দোকানটি নির্মাণ করা হচ্ছে।
দোকানটি নির্মাণ করছেন সালথা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. নুরুজ্জামান ওরফে টুকু ঠাকুর। সরকারি জায়গায় দোকান নির্মাণের কথা স্বীকার করে মো. নুরুজ্জামান দাবি করেন, ‘ইউএনওকে জানিয়েই এ কাজে হাত দিয়েছি।’ ওই এলাকার তিন ব্যক্তি বলেন, দুই বছর আগে বাজারের ওই স্থানে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করার চেষ্টা করেছিলেন নুরুজ্জামান। সে সময় তৎকালীন ইউএনও রেজাউল বারী ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে নির্মাণ করা ওই দোকানটি উচ্ছেদ করেন। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে নতুন করে ওই জায়গাতেই আবার দোকান নির্মাণের কাজ শুরু করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি। বর্তমানে দোকান নির্মাণের কাজ শেষের পথে। অবশ্য সালথার ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘আমি নুরুজ্জামানকে চিনি না, তাঁর সঙ্গে পরিচয়ও হয়নি। ইতিমধ্যে অবৈধ ওই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।’