মোহাম্মদপুর থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সড়কের দুই পাশ পুরোটাই দখল। পানি উন্নয়ন বোর্ডের এ জায়গায় ছোট-বড় বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, নিয়মিত পুলিশকে টাকা দিয়েই তাঁরা ব্যবসা করছেন।
মোহাম্মদপুর বেড়িবাঁধের এ সড়কটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন। গত শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, সড়কজুড়েই ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন সড়ক ঘেঁষে রাখা। এর মধ্যে কিছু কিছু যানবাহন ভাঙা। ইটের দোকানও আছে বেশ কিছু। স্থায়ী দোকানগুলো সড়ক ছেড়ে বেশ খানিকটা দূরে। কিন্তু ইটের স্তূপ ও ইট ভেঙে বিক্রি করা হচ্ছে সড়কের পাশে রেখে। সিরাজ নামে এক শ্রমিক বলেন, ‘সবাই তো এমনেই রাহে। মালিকে মনে হয় কোনো ব্যবস্থা করে।’
এখানে নতুন-পুরোনো বিভিন্ন যানবাহনের টায়ার বিক্রি হয়। টায়ারগুলোও সড়কের পাশে রাখা। টায়ার ব্যবসায়ী মো. ইউনুসের দোকান করছেন তিন বছর ধরে। তিনি বললেন, দোকানটির মালিক অন্য একজন। কিন্তু স্বীকার করলেন, টায়ার তিনি সরকারি জায়গাতেই রেখেছেন। এ সড়কে আরও কয়েকটি টায়ারের দোকান আছে।
বেশ কিছু করাতকল আছে সড়কের পাশে। দোকানগুলো সড়ক ছেড়ে কিছুটা দূরে। কিন্তু এদের মালপত্র সব পাউবোর জায়গায় রাখা।
ভাঙারি, ছোট ছোট টং, খাবারের দোকানসহ অনেক ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানই গড়ে উঠেছে এ সড়কটিতে। এর মধ্যে সড়কের পাশে উত্তর সিটি করপোরেশন ময়লা ফেলার জায়গা তৈরি করেছে। তবে নির্দিষ্ট স্থান ছাড়াও পুরো সড়কেই ছড়ানো-ছিটানো ময়লা। এ সড়কের আশপাশে যাদেরই জায়গা আছে কমবেশি সবাই নিজেদের মতো করে সড়কের পাশের জায়গা দখল করেছেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার সময় বেড়িবাঁধের রামচন্দ্রপুর এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি টহল পুলিশের গাড়ি দেখা যায়। গাড়িটিতে লেখা, মোহাম্মদপুর থানা-পুলিশ। তিনজন পুলিশ ও দুজন আনসার সদস্যও ছিলেন সেই গাড়িতে। তাঁরা কথা বলছিলেন একটি করাতকলের কর্মচারীর সঙ্গে। এ প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন। এক ব্যক্তি এসে আনসার সদস্যের হাতে টাকা দিলেন। টাকা নেওয়ার পর সেই আনসার সদস্য গাড়িতে ওঠেন। কত টাকা দিলেন? দোকানিকে এ প্রশ্ন করতেই তিনি নিজের নাম না বলার শর্তে বললেন, ‘২০ টাকা দিছি।’ কেন দিলেন? ‘এই চা-টা খাইতে দিয়া থাকি।’ পরে তিনিসহ আরও কয়েকজন বললেন, এসব টাকা কেন দিতে হয়, তা সবারই বোঝার কথা।
সোনা মিয়া ১৪ বছর ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধের ঢাকা উদ্যানের পাশে বাঁশের ব্যবসা করেন। তাঁর ছোট দোকানটি সড়ক থেকে কয়েক গজ দূরে। দোকানের সামনে সারি সারি বাঁশের স্তূপ। দোকান ও সড়ক ঘেঁষে বাঁশ রাখার ব্যাপারে কোনো অনুমতি আছে কি না, জানতে চাইলে সোনা মিয়া বলেন, ‘পুলিশরে টেকা দিয়া দোকান বাঁচায় রাখছি।’
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর বলেন, টাকা নেওয়ার ব্যাপারে তিনি জানেন না। যদি কেউ করে থাকেন, সেটা যে করেছেন তাঁর নিজস্ব দায়বদ্ধতা।
পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এদের সময় সময় উচ্ছেদ করা হয়। তবে কিছুদিন উচ্ছেদ হয়নি। কারণ, এ উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে যে পরিমাণ অর্থ দরকার, তা তাঁদের হাতে নেই। তবে তিনি বললেন, সড়কটি চওড়া করা হবে। তখন এসব দখলদারি থাকবে না।