সরকারি জায়গা দখল, দোকান বানাবেন নেতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সরকারি জায়গায় সরকারের টাকায় নির্মিত হাটের চাঁদনি (ছাউনি) ভেঙে দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। সেখানে বিশাল আকৃতির দুটি পাকা দোকান বানাচ্ছেন তিনি।
ওই নেতার নাম মোবারক হোসেন। তিনি কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সরকারি জমি দখলের ঘটনায় স্থানীয় ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করলেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।
উপজেলার কুল্লাপাড়া বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কুল্লাপাড়া বাজারটি ছোট হলেও এর বয়স অনেক। বর্তমানে শতাধিক দোকান রয়েছে। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাট বসে। এ ছাড়া প্রায় প্রতিদিনই বাজারে সব ধরনের পণ্য কেনাবেচা হয়। বাজারের প্রয়োজনে ১৯৯০ সালের দিকে একটি চাঁদনি নির্মাণ করে জেলা পরিষদ। এরপর আরও তিনটি চাঁদনি নির্মাণ করা হয়। প্রথমে নির্মিত চাঁদনিটি কিছুটা নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নতুন চাঁদনি বেশি ব্যবহার করতেন। তবে সাপ্তাহিক হাটের দিন কয়েকজন ব্যবসায়ী পুরোনো চাঁদনির নিচে বসে মাছ বিক্রি করতেন। ওই চাঁদনির পাশে আছে একটি বাথরুম ও টিউবওয়েল।
বাজারের ব্যবসায়ীরা আরও বলেন, হঠাৎ করে গত সপ্তাহে পুরোনো চাঁদনি ও বাথরুমের কিছু অংশ ভেঙে দেন কুল্লাপাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা মোবারক হোসেন। তিনি সেখানে বিশাল আকৃতির দুটি পাকা দোকান নির্মাণের কাজ শুরু করেছেন। দ্রুত গতিতে চলছে নির্মাণকাজ।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, মোবারক হোসেন তাঁদের আগেই জানিয়ে দিয়েছেন, ক্ষমতা এখন তাঁদের। তাই দোকান করছেন। কেউ প্রতিবাদ করলে তাঁকে দেখে নেওয়া হবে। এ কথা বাজারে প্রচার হওয়ায় তাঁরা কেউ মুখ খুলছেন না।
এ ব্যাপারে মোবারক হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘সরকারি জায়গায় ঘর করছি। এতে বাজারের শ্রীবৃদ্ধি হচ্ছে। কারও কোনো ক্ষতি হবে না। পুরোনো চাঁদনির সব মালামাল রাখা আছে। তা উপজেলায় জমা দেওয়া হবে।’
বিষয়টি নিয়ে স্থানীয় রাখালগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহজাহান আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, সরকারি জায়গা দখল করে ওই দোকান বানানো হচ্ছে। বিষয়টি তাঁরা জানতে পেরে নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছেন। এর পরও কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লা বলেন, তিনি সদ্য এই উপজেলায় যোগ দিয়েছেন। বিষয়টি তিনি দ্রুত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন।