সরকারি জায়গার দখল নিয়ে দুপক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গার দখল নিয়ে মন্দির ও বাজার কমিটির মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। এর জের ধরে দুপক্ষের মধ্যে যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামশীল বাজারের পার্শ্ববর্তী ১১ নম্বর রামশীল মৌজার ১৪৪ দাগের এক একর ৩০ শতাংশ সরকারি খাস জায়গা। এ জায়গা নিজেদের দখলে নিয়ে পাঁচ বছর আগে মন্দির স্থাপন করে পূজা-পার্বনের কাজ চালাচ্ছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ জায়গাটিতে রামশীল বাজারের ব্যবসায়ীদের জন্য দোকান নির্মাণের পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
দোকান নির্মাণের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে মন্দির কমিটির নেতৃত্বে এলাকাবাসী রামশীল বাজারে বিক্ষোভ সমাবেশ করেন। রামশীল বাজার কমিটির সভাপতি বুদ্ধিমন্ত হালদার বলেন, এলাকার কিছু লোক তাঁদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে মন্দিরের নাম ব্যবহার করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিকাইল বলেন, এটি সরকারি খাসজমি। এখানে মন্দিরের তেমন কোনো স্থাপনা নেই। বাজারের সীমানার মধ্যে এটি নেওয়া হয়েছে। এখানে ব্যবসায়ীদের জন্য দোকান নির্মাণ করা হবে। এ জন্য ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বরাদ্দের আবেদন চাওয়া হয়েছে। বরাদ্দ দেওয়ার পর ব্যবসায়ীরা দোকান নির্মাণ করে নেবেন।