সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের বারাসিয়া নদীর পাড়ে আঁধারকোঠা এলাকায় স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে ঘর তুলছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ. কুদ্দুস মোল্লা।
স্থানীয় সাংবাদিকেরা কাউন্সিলরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় বোয়ালমারী চৌরাস্তার মোড় এলাকার জাকিরের দোকানে এ ঘটনা ঘটে।
কয়েকজন এলাকাবাসী জানান, ১৫ দিন ধরে বারাসিয়া নদীর তীরে প্রায় ১০ শতাংশ সরকারি জায়গা দখল করে অবৈধভাবে আধা পাকা টিনশেড ঘর তুলছেন আ. কুদ্দুস মোল্লা। স্থানীয় সাংবাদিকেরা রোববার বিকেলে সরেজমিনে কুদ্দুস মোল্লার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাফিউল আলম ওরফে টুলুর সহযোগিতায় তিনি এই ঘর তুলছেন।
এ ব্যাপারে সাংবাদিকেরা কাউন্সিলর রাফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি তীব্র উত্তেজনার সুরে ‘সরকারি জায়গায় ঘর তোলার জন্য কাগজপত্রের দরকার হয় না’ মন্তব্য করে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
বোয়ালমারীতে পাউবোর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (এসও) শশাঙ্ক বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কুদ্দুস মোল্লা পাউবোর জায়গায় অবৈধভাবে ঘর তুলছেন। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
রাফিউল আলম গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করিনি। একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, তবে তা মিটমাট হয়ে গেছে।’