সরকারি জায়গায় আ.লীগ নেতার দোকান নির্মাণ বন্ধ
অবশেষে সরকারি জায়গায় দোকান নির্মাণের কাজ বন্ধ করতে বাধ্য হলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা মোবারক হোসেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া বাজারে সরকারি জায়গা দখল করে তিনি পাকা দোকান নির্মাণ শুরু করেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানোয়ার হোসেন মোল্লার নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে নির্মাণকাজ বন্ধ করে দেন।
গত সপ্তাহে কুল্লাপাড়া বাজারে সরকারি জায়গায় থাকা ছাউনি ভেঙে দোকান নির্মাণ শুরু করেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। কিন্তু মোবারক হোসেন ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্থানীয় রাখালগাছি ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান আলী ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।