সরকারি জায়গায় আ.লীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর-১২ নম্বর সেকশনের ই-ব্লকে সরকারি জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করছে আওয়ামী লীগ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মিরপুর-১২ নম্বর সেকশনের ই-ব্লকে সরকারি জায়গা দখল করে কার্যালয় নির্মাণ করছে আওয়ামী লীগ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকে সরকারি জায়গা দখল করে খালের পাড়ে নির্মাণ করা হচ্ছে ৯১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দোতলা কার্যালয়।

স্থানীয় লোকজন বলছেন, মিরপুরের বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ সাংবাদিক কলোনি খাল। কিন্তু আবর্জনা ও দখলের কারণে খাল দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এখন খালের পাশে এমন অবৈধ স্থাপনা হলে পানি নিষ্কাশন আরও বাধাগ্রস্ত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, যে জায়গায় কার্যালয়টি নির্মাণ করা হচ্ছে, সেটি সিটি করপোরেশনের। সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে জবরদখল করে কার্যালয় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। কারও অনুমতি না নিয়ে কার্যালয় নির্মাণের জন্য একাধিক গাছও কেটে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, কার্যালয় নির্মাণের কাজ বন্ধ করতে ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

গত মঙ্গলবার দুপুরে দেখা যায়, শহীদ জিয়া মহিলা কলেজসংলগ্ন সাংবাদিক কলোনি খালের পাশে সরকারি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন দোতলা ভবনের মধ্যে প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ। ভবনের কাঠামো সরকারি জায়গার সীমানা ছাড়িয়ে খালের ওপর আড়াই থেকে তিন ফুট চলে গেছে। ভবনের দৈর্ঘ্য ৩০ ফুট আর প্রস্থ ১১ ফুটের বেশি।

স্থানীয় লোকজন বলেন, কার্যালয় নির্মাণের জন্য সরকারি জায়গায় থাকা পাঁচটির বেশি গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয় লোকজন আরও বলেন, ২০ ফুট চওড়া একটি রাস্তার জন্য খালের পাশে জায়গা রাখা হয়েছিল। রাস্তাটি সি-ব্লকের ২১ নম্বর সড়ক থেকে শুরু হয়ে ই-ব্লকের ভেতর দিয়ে এসে শহীদ জিয়া কলেজ রোডের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু কার্যালয়টি নির্মাণের কারণে এখন রাস্তাটি বেঁকে কালশী রোডে গিয়ে যুক্ত হবে।

স্থানীয় সূত্র জানায়, আগে ওই সরকারি খালি জায়গায় কিছু ভাসমান দোকান ছিল। আওয়ামী লীগের লোকজন প্রথমে দোকানগুলো উচ্ছেদ করেন। কয়েক মাস আগে দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু করা হয়।

শহীদ জিয়া মহিলা কলেজের পাশে দলীয় কার্যালয় হওয়ায় কিছু বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কয়েকজন ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, দলীয় কার্যালয়ে সারা দিন লোকজন ভিড় করবেন, এতে কলেজের পাঠদানে সমস্যা হতে পারে।

সরকারি জায়গায় নির্মিতব্য আওয়ামী লীগের কার্যালয় ভবনের কাঠামো চলে এসেছে খালের ওপর l ছবি: প্রথম আলো
সরকারি জায়গায় নির্মিতব্য আওয়ামী লীগের কার্যালয় ভবনের কাঠামো চলে এসেছে খালের ওপর l ছবি: প্রথম আলো

এক শিক্ষার্থী বললেন, দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরুর পর থেকে সেখানে নেতা-কর্মীদের যাতায়াত বেড়েছে। তাঁরা দল বেঁধে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন, এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে।

সরকারি জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ সম্পর্কে জানতে চাইলে ৯১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তমিজ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় নেতা-কর্মীদের বসার জায়গা তৈরি করতে পরিত্যক্ত সরকারি জায়গায় দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে। তাঁর দাবি, খালের পাশের জায়গাটি পরিত্যক্ত অবস্থায় অনেক দিন পড়ে থাকায় সেখানে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম হতো। কলেজছাত্রীরা উত্ত্যক্তের শিকার হতেন। কলেজশিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ রাখতে ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনতে এখানে দলীয় কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তমিজ উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘এখানে আমাদের কার্যক্রম পুরোপুরি শুরু হলে এই জায়গায় অপরাধ কমে যাবে। ছাত্রীরা নিরাপদে কলেজে যাতায়াত করতে পারবে।’

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা বলেন, এখানে তেমন বড় কোনো গাছ ছিল না। কিছু জংলা গাছ। এ রকম ছোট কিছু জংলা গাছ কেটে ফেলা হয়েছে।

জাহাঙ্গীর মোল্লা জানান, দোতলা ভবনের নিচতলায় স্থানীয় নেতা-কর্মীদের বসার কক্ষ তৈরি হবে। আর দোতলায় পাঠাগার করা হবে। সেখানে সবাই বই পড়ার সুযোগ পাবেন। তিনি আরও জানান, নেতা-কর্মীদের অর্থায়নে কার্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের জায়গায় আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের ব্যাপারে তিনি কিছু জানেন না। জায়গার মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে উচ্ছেদের ব্যবস্থা করা হবে।