সরকারি টাকায় নেতার বাড়ির রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রামে সরকারি প্রকল্পের টাকায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়ির রাস্তা নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল সকাল ১০টার দিকে তোলা l প্রথম আলো
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নকিববাড়ী গ্রামে সরকারি প্রকল্পের টাকায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়ির রাস্তা নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল সকাল ১০টার দিকে তোলা l প্রথম আলো

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে সরকারি টাকায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়ির রাস্তা তৈরি করা হচ্ছে। ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের আওতায় অন্য একটি রাস্তা ভরাটের অর্থ থেকে এ রাস্তাটি করা হচ্ছে।
ওই নেতার নাম আবদুল লতিফ বিশ্বাস। তিনি সিংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বাড়ি ইউনিয়নের নকিববাড়ী গ্রামে। যোগাযোগ করা হলে লতিফ বিশ্বাস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়িতে যাতায়াতের কোনো রাস্তা নেই। বৃষ্টি হলে কাদা মাড়িয়ে জমির ওপর দিয়ে চলাচল করতে হয়। অথচ আমার জায়গায় সরকারি রাস্তা হয়েছে। ওই প্রকল্পের রাস্তার কাজ শেষ হওয়ায় উপজেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে এখানে রাস্তা তৈরি করা হচ্ছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের (দ্বিতীয় পর্যায়) অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় সিংজুরীর বালিয়াবাধা গ্রামের আছর উদ্দিনের বাড়ি থেকে আশাপুর নয়াপাড়া গ্রামের আফসার উদ্দিনের বাড়ি পর্যন্ত এবং নকিববাড়ী গ্রামের কিয়ামুদ্দিনের বাড়ি থেকে সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। আছর উদ্দিনের বাড়ি থেকে আফসার উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৫৬ জন এবং কিয়ামুদ্দিনের বাড়ি থেকে সাইফুলের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৩৫ জন নারী শ্রমিকের জন্য বরাদ্দ দেওয়া হয় সাত লাখ টাকা। কিন্তু এ প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আকতার হোসেন গতকাল সোমবার লতিফ বিশ্বাসের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরির কাজ শুরু করেন।
গ্রামের তিনজন বাসিন্দা বলেন, আওয়ামী লীগের ওই নেতার বাড়িতে যাওয়ার রাস্তা আছে। তারপরও তাঁর বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য প্রকল্পের শ্রমিক দিয়ে আরেকটি রাস্তা তৈরি করা হচ্ছে। শ্রমিক সরদার আবদুল আওয়াল বলেন, ‘প্রকল্পের সভাপতির কথামতন এহেনে ওই নেতার বাড়ির রাস্তা বানানোর কাম করছি। দূরে হওয়ায় মহিলা শ্রমিকেরা এই রাস্তার কাম করবার আসবার চায় নাই। তাও মেম্বারের নির্দেশে তাগো এহানে কাম করবার আনছি।’
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, নকিববাড়ী চার রাস্তার মোড়ের পাশ থেকে নারী শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটছেন। এরপর সেগুলো টুকরিতে করে পাশের জমিতে ফেলে লতিফ বিশ্বাসের বাড়ির রাস্তা তৈরি করা হচ্ছে। চার রাস্তার ওই মোড় থেকে তাঁর (আওয়ামী লীগের নেতা) বাড়ির দূরত্ব ১৫০ থেকে ২০০ গজ হবে।
প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য আকতার হোসেন বলেন, ৪০ দিনের মধ্যে আশাপুর গ্রামের আছর উদ্দিনের বাড়ি থেকে আশাপুর নয়াপাড়া গ্রামের আফসার উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তায় ৩৮ দিন মাটি ফেলার কাজ করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বিশেষ অনুরোধে আজ (গতকাল) থেকে দুই দিন লতিফ বিশ্বাসের বাড়ির রাস্তা তৈরি করা হবে। তিনি বলেন, নকিববাড়ী কিয়ামুদ্দিনের বাড়ি থেকে সাইফুলের বাড়ি পর্যন্ত রাস্তার নির্মাণকাজ সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘বিষয়টি ইউপি সদস্য আমাকে জানাননি।’
বিকেলে পিআইও আবদুল হান্নানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পিআইওর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইসতিয়াক আহমেদ বলেন, সরকারি প্রকল্পের টাকায় কারও ব্যক্তিগত রাস্তা নির্মাণের সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।