সরকারি টাকায় আ.লীগ নেতার বাড়ির রাস্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে সরকারি অর্থে আওয়ামী লীগের এক নেতার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর জন্য রাস্তার দুই পাশের ২৫টি পরিবারের পাঁচ শতাধিক গাছ কাটা হয়েছে। আপত্তি থাকলেও অনেকের জমি গেছে রাস্তার নিচে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে নাজিরপুর মাদ্রাসার পূর্ব পাশের ব্রিজের কাছ থেকে হুমায়ুন তালুকদারের বাড়ি পর্যন্ত আধা কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণের জন্য ৩ লাখ ৯৩ হাজার টাকা বরাদ্দ করা হয়। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানাত ওরফে জাপান নিজেই প্রকল্প চেয়ারম্যান।
হুমায়ুন তালুকদার মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুকুল তালুকদারের বড় ভাই। আগে এই রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়ে তাঁরা ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এবার ইউপি চেয়ারম্যান নিজেই প্রকল্প করে রাস্তা করে
দিচ্ছেন।
বরিশাল এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. বজলুর রহমান জানান, এলজিইডির নতুন সড়ক নির্মাণের নীতিমালা অনুযায়ী, জরিপ ও প্রধান প্রকৌশলীর অনুমোদন সাপেক্ষে নতুন সড়ক নির্মাণ করা যাবে। সড়কের আইডি কোড প্রস্তাবের আগে এলাকাবাসী ও সুবিধাভোগীদের মতামত নিতে হবে। এলাকাবাসী সর্বসম্মত না হলে প্রকল্প গ্রহণ বৈধ হবে না।
স্থানীয় লোকজন, ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আওয়ামী লীগ নেতাকে খুশি করতে ব্যক্তিস্বার্থে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত নীতিমালা লঙ্ঘন করে প্রকল্প নিয়েছেন। প্রকল্প গ্রহণের আগে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মতামত নেওয়া হয়নি।
ভুক্তভোগীরা জানান, চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পাঁচ শর মতো গাছপালা কেটেছেন। রাস্তার জন্য আশপাশের জমি নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি ছাড়া। রাস্তায় বালু ভরাট করতে গিয়ে নদীতে অবৈধ ড্রেজার বসিয়েছেন। এতে আশপাশের জমি ভেঙে নদীতে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার প্রায় ৫-৬ শ ফুট কাজ শেষ হয়েছে। বাকি অংশে বালু ভরাট করা হচ্ছে। গ্রামের আবুল কালাম আজাদ অভিযোগ করেন, রাস্তা করতে জোরপূর্বক তাঁর জমি নেওয়া হয়েছে এবং জমিতে থাকা লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলা হয়।
রাস্তার একমাত্র সুবিধাভোগী মো. হুমায়ন তালুকদার বলেন, ‘আমি কোনো প্রভাবশালী ব্যক্তি নই। এলাকাবাসীর জন্যই রাস্তাটি নির্মিত হচ্ছে।’
ইউপি চেয়ারম্যান আবুল হাসানাত বলেন, কোনো ব্যক্তির জন্য সড়ক নির্মাণ করা হচ্ছে না। ৪০-৫০টি বাড়ির মানুষের জন্য সরকারি নীতিমাল অনুসরণ করে বালু উত্তোলন ও সড়ক নির্মাণ করা হচ্ছে।
মুলাদী উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) এ কে নজরুল ইসলামও একই দাবি করেন।