সরকারি টাকায় ব্যক্তিজমি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছিতে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ না করেই কেন্দ্রীয় সমবায় মডেল হাট-বাজার স্থাপনের জন্য সরকারি টাকায় ভরাট করা হয়েছে। এখন ওই জমির মালিকেরা ওই জায়গা নিজেদের দখলে নিয়ে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন।
২০১২ সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে কাবিখা ও কর্মসৃজন প্রকল্পের আওতায় সাড়ে তিন কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরীর নির্দেশ বদলগাছি সদরে ছোট যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে কেন্দ্রীয় সমবায় মডেল হাট-বাজার স্থাপনের জন্য ১২ হাজার ৯৮৬ বর্গমিটার নিচু জায়গা ভরাটের প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পে কর্মসৃজনের এক কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৭২০ মেট্রিক টন খাদ্যশস্য ব্যয় করা হয়েছে। সেই সময় প্রতি মেট্রিক টন চালের সরকারি বাজারদর ছিল ৩৪ হাজার টাকা।
বদলগাছির সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) আনোয়ার সাদাত প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় সমবায় মডেল হাট-বাজার স্থাপনের জন্য যে জায়গাটি ভরাট করা হয়েছে, সেটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত নয়।’
এ ব্যাপারে সাবেক সাংসদ আকরাম চৌধুরী দাবি করেন, ‘আমার জানামতে ওই জমিটি সরকারি। তাই সেখানে প্রকল্প নেওয়া হয়েছে। এখন সাংসদ পদে না থাকায় ব্যক্তিমালিকানাধীনের কথা উঠেছে।’
বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত হুসাইন বলেন, জায়গাটির মালিকানা দাবিদার ব্যক্তিদের কাগজপত্র থাকায় তাঁদের স্থাপনা নির্মাণে বাধা দিয়ে কোনো কাজ হয়নি।
পিআইও আবদুল করিম বলেন, ‘কয়েক দিন আগে এখানে যোগদান করেছি। কেন্দ্রীয় সমবায় মডেল হাট-বাজার স্থাপনের মাটি ভরাটের প্রকল্প সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। এ ব্যাপারে আগের পিআইও ভালো বলতে পারবেন।’
যোগাযোগ করা হলে সদ্য বদলি হওয়া পিআইও আরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘জায়গাটি যে ব্যক্তিমালিকানাধীন, সেটি আমার জানা ছিল না। এ ছাড়া তৎকালীন সাংসদের নির্দেশনার বাইরে কিছু করার সুযোগ ছিল না।’
সরেজমিনে দেখা যায়, ছোট যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে ভরাট করা ওই জায়গায় পাশাপাশি দুটি ভিত্তিফলক রয়েছে। ভিত্তিফলক দুটি ২০১২ সালে স্থাপন করা হয়েছে। একটি ভিত্তিফলকে তৎকালীন সাংসদ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আকরাম হোসেন চৌধুরী এবং অন্যটিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এম আসলাম আলমের নাম আছে। আকরাম হোসেন চৌধুরীর ভিত্তিফলক উন্মোচনের তারিখ ও এম আসলাম আলমের ফলক উন্মোচনের সময়ের ব্যবধান মাত্র এক মাস। ভিত্তিফলকের পেছনে ভরাট করা জায়গায় জমির মালিকানা দাবিদার ব্যক্তিরা বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। কেউ পাকা দোকানঘর তুলছেন। কেউ বাঁশ পুঁতে জায়গা ঘিরে রেখেছেন। আবার কেউ কেউ মালিকানা দাবি করে সাইনর্বোডও টাঙিয়ে দিয়েছেন।
দোকানঘর নির্মাণকারী আমিনুর রহমান বলেন, কেন্দ্রীয় সমবায় মডেল হাট-বাজার স্থাপনের জন্য ভরাট করা জায়গার সবটুকুই ব্যক্তিমালিকানাধীন। তৎকালীন সাংসদ জড়িত থাকায় স্থানীয় প্রশাসন জোর করে এ জায়গায় বালু ফেলে ভরাট করতে শুরু করে। তখন তিনিসহ অন্য মালিকেরা ভরাটকাজে বাধা দেন। তাঁদের বাধা উপেক্ষা করে জায়গাটি ভরাটের কাজ চলতে থাকে। এ ঘটনায় ২০১২ সালের শুরুতেই তাঁরা ১২ জন আদালতে মামলা করেন। পরে আদালত জায়গাটি ভরাটের ওপর নিষেধাজ্ঞাও জারি করেন। কিন্তু কিছুই তোয়াক্কা করা হয়নি।