সরকারি দিঘি দখল করে আ.লীগের কার্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা সদরের কাশ্মীর সড়কে একটি সরকারি দিঘির একাংশ দখল করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরগুনার পাথরঘাটা সদরের কাশ্মীর সড়কে একটি সরকারি দিঘির একাংশ দখল করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি সরকারি দিঘি দখল করে অবৈধভাবে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে দিঘির বিশাল অংশে বহুতল ভবন নির্মাণের জন্য রড ও সিমেন্ট দিয়ে ঢালাই করে স্তম্ভ (পিলার) নির্মাণ শুরু করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে এই কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে আইনের ৮ ও ১২ ধারা অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।
নাম গোপন রাখার শর্তে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ তিনজন নেতা প্রথম আলোকে বলেন, ‘দিন দিন ব্যক্তিমালিকানায় জলাশয় ভরাট হয়ে যাওয়ায় এমনিতেই পৌর এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। তার ওপর এ সরকারি জলাশয় ভরাট করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হোক, তা আমরা চাই না। এই কাজ করার জন্য দলীয়ভাবে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। ভারপ্রাপ্ত সভাপতি একক সিদ্ধান্তে এটা করছেন।’
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘জলাশয় দখল করে দলীয় কার্যালয় নির্মাণের সম্পূর্ণ বিরোধী আমি। কেননা জলাশয় রক্ষা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। কয়েক ব্যক্তি এককভাবে এটা করছে। আমি নিষেধ করেছি। স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসকের নির্দেশে আপাতত কাজ বন্ধ রয়েছে।’
১ জুন সরেজমিনে দেখা যায়, পাথরঘাটা শহরের প্রাণকেন্দ্র কাশ্মীর সড়কে সরকারি দিঘিটির পশ্চিম দিকের বিশাল অংশের পানি সেচে সেখানে পাকা বহুতল ভবন নির্মাণের জন্য কাজ করা হচ্ছে। মাটি খুঁড়ে বহুতল ভবনের জন্য ভিত্তি নির্মাণের কাজ চলছে। এরই মধ্যে উত্তরাংশে একটি পিলার ঢালাই দেওয়া হয়েছে। আরও চারটি পিলার নির্মাণের জন্য মাটি খোঁড়ার প্রস্তুতি চলছে। পাশেই ইট ফেলা হয়েছে দেয়াল নির্মাণের জন্য। দিঘির মাঝ বরাবর ছোট একটি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা ‘আওয়ামী লীগ অফিসের জন্য নির্ধারিত স্থান’। দিঘির এ অংশে লোকজনের গোসলের জন্য পৌরসভার নির্মিত একটি পাকা ঘাট রয়েছে।
এলাকার কয়েক ব্যক্তি জানান, ভৌগোলিক কারণে পাথরঘাটায় গভীর নলকূপ স্থাপন করা যায় না। গৃহস্থালি কাজ ও খাবারের জন্য শহরের লোকজনকে পুকুরের পানির ওপর নির্ভর করতে হয়। প্রতিদিন এই দিঘিতে পাশের কাশ্মীর সড়কের ২০০ পরিবার এবং শহরের অন্যান্য এলাকার হাজার হাজার মানুষ গোসলসহ গৃহস্থালি কাজ সারেন। তা ছাড়া শনি ও মঙ্গলবার হাটের দিন দূর-দূরান্ত থেকে আসা মানুষও এ দিঘি ব্যবহার করেন। এ দিঘি ভরাট করে আওয়ামী লীগের কার্যালয়ের নামে কোনো স্থাপনা নির্মাণ করা হলে এটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘দিঘি ভরাট করে নয়, দিঘির মধ্যে পিলার নির্মাণ করে নিচের অংশ ফাঁকা রেখে তার ওপর দলীয় কার্যালয়ের জন্য আমরা ভবন নির্মাণের কাজ শুরু করেছিলাম। কিন্তু জেলা প্রশাসকের নির্দেশে কাজ আপাতত বন্ধ রেখেছি।’ এই কাজ করার আগে জমি বন্দোবস্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্ন করলে বলেন, ‘এ জন্য আমরা কোনো অনুমোদন নিইনি।’ এ সময় তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, ‘দক্ষিণ পাশে দিঘি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে, তা তো আপনাদের চোখে পড়ে না।’ দলের সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শোনার পর আমি ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।’