সরকারি নির্দেশ অমান্য করে আবারও ইলিয়াস মোল্লাহর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাসের ব্যবধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অমান্য করে মিরপুর সেনপাড়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে বস্ত্রমেলার আয়োজন করেছে সরকারদলীয় সাংসদ ইলিয়াস মোল্লার অনুগত নেতা-কর্মীরা। প্রথম ছবিটি গত ডিসেম্বর মাসের, দ্বিতীয় ছবিটি ২১ মার্চ তোলা। ছবি: কমল জোহা খান
দুই মাসের ব্যবধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অমান্য করে মিরপুর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বস্ত্রমেলার আয়োজন করেছে সরকারদলীয় সাংসদ ইলিয়াস মোল্লার অনুগত নেতা-কর্মীরা। প্রথম ছবিটি গত ডিসেম্বর মাসের, দ্বিতীয় ছবিটি ২১ মার্চ তোলা। ছবি: কমল জোহা খান

বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান না করার সরকারি নির্দেশ ছিল। কিন্তু তিনি তার তোয়াক্কা করলেন না। সেখানে আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে বসালেন মাসব্যাপী মেলা। তিনি ঢাকা-১৬ (পল্লবী) আসনের সরকারদলীয় সাংসদ ইলিয়াস মোল্লাহ।

বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল শুক্রবার মিরপুর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়। এতে ইলিয়াস মোল্লাহর আসার কথা থাকলেও তিনি উদ্বোধন করতে আসেননি। তবে মেলার তিনটি ফটকেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাংসদের নাম লেখা রয়েছে।

স্থানীয় ​লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালে ইলিয়াস মোল্লাহ সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিবছরই ১ দশমিক ১২ একর আয়তনের এই বিদ্যালয়ের মাঠে তাঁর অনুগত নেতা-কর্মী ও সমর্থকেরা মেলার আয়োজন করে আসছেন। নববর্ষ, ঈদুল ফিতর ও বিজয় দিবসকে উপলক্ষ করে এখানে মেলার আয়োজন করা হয়। এভাবে প্রায় চার থেকে পাঁচ মাস বিদ্যালয়ের এই মাঠটি দখল করে রাখেন সাংসদের ঘনিষ্ঠ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা। বরাবরের মতো এবারও মেলার তত্ত্বাবধানে রয়েছেন সাংসদের ঘনিষ্ঠ বলে পরিচিত জিন্নাত আলী মাতব্বর, মো. ওবায়েদসহ পল্লবী থানা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জিন্নাত আলী মাতব্বর সেনপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি ইসমাইল মাতব্বরের বড় ছেলে। এ ছাড়া তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করার কথা রয়েছে জিন্নাত আলী মাতব্বরের।

প্রতিবারই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ-আইন অমান্য করে মেলার আয়োজন করা হয়। ২০১৪ সালের জুন মাসে রোজার ঈদ সামনে রেখে তাঁত ও বস্ত্রমেলা করা হয় মিরপুর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মেলার অনুমতি নামঞ্জুরের চিঠি সাংসদ ইলিয়াস মোল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়। কিন্তু মেলা চলেছিল দেড় মাস।

সর্বশেষ ২০১৪ সালের ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে তাঁত ও বস্ত্রমেলা আয়োজন করা হয়েছিল এই মাঠে। সে সময় প্রাথমিক শিক্ষা সমাপনী ও বার্ষিক পরীক্ষা চললেও মেলা বন্ধ করা হয়নি।

পরীক্ষা চলাকালে মেলা আয়োজনের বিষয়টি জানতেন না বলে তখন ইলিয়াস মোল্লাহ জানিয়েছিলেন। তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘পরীক্ষার সময় মেলা বন্ধ থাকবে, আমি নির্দেশ দিয়ে দিচ্ছি।’ কিন্তু পরীক্ষা চললেও সেবার মেলা বন্ধ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ছোট-বড় ৪০টি স্টল বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা আয় করেছিল মেলা কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ অর্থ উপার্জন করলেও বিদ্যুতের সংযোগ নেওয়া হয় অবৈধভাবে। আর স্কুল ভবন থেকে পাইপের মাধ্যমে পানি নেওয়া হয় মেলার মাঠে।

সরেজমিন দেখা গেছে, এবারও একইভাবে স্টল বরাদ্দ করা হয়েছে স্কুলের মাঠজুড়ে। বাঁশের প্যান্ডেল বসানোর কাজ শুরু হয়েছে আরও দিন দশেক আগে।

এবারও বিদ্যালয়–সংশ্লিষ্ট নয়, এরূপ কোনো অনুষ্ঠান বিদ্যালয়ের জায়গায় করা যাবে না, উল্লেখ করে ৯ মার্চ স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেন মিরপুর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বানু। সরকারি আদেশ অমান্য করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ওই চিঠিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে মিরপুর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বানু প্রথম আলোকে বলেন, ‘স্কুল মাঠে এ ধরনের মেলা কীভাবে আয়োজন করা হয়, আমি তা বুঝতে পারছি না। প্রধান শিক্ষককে বলেছি পুলিশের মিরপুর বিভাগীয় উপকমিশনারকে জানাতে। তিনি জানিয়েছেন কি না, তা জানি না।’

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মেলার ব্যাপারে তাঁদের কাছে চিঠি এসেছিল। তবে তাঁরা এ ব্যাপারে তাঁদের আপত্তি জানিয়েছেন।

এবারের মেলার বিষয়ে জানতে চাইলে সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিনাত মহল প্রথম আলোকে বলেন, ‘মেলা বন্ধের ক্ষমতা আমার একার কাছে নেই। আমি চিঠিটি স্কুলের সভাপতির কাছে পাঠিয়েছি।’

স্কুল কমিটির সভাপতি ইসমাইল মাতব্বরের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা যায়নি। তাঁর ছেলে জিনাত আলী মাতব্বর মেলার অন্যতম আয়োজক।

মেলা বন্ধের ব্যাপারে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ১৯ মার্চ প্রথম আলোকে বলেন, ‘ব্যাপারটি আমার নলেজে নেই। আমি বিদেশে ছিলাম। আগামীকাল (২০ মার্চ) আমাকে ফোন করেন।’ এরপর একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আরও জানতে পড়ুন: