সরকারি নির্দেশ উপেক্ষা করে অধ্যক্ষের দায়িত্ব পালন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয়করণ হওয়া পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের একজন শিক্ষক সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষকের নাম মো. রফিকুল ইসলাম। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাছিমা খানমের গত ২৪ এপ্রিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ এপ্রিল থেকে উপজেলা সদরের ‘বাউফল ডিগ্রি কলেজ’ জাতীয়করণ হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কলেজের সব শিক্ষকের পদমর্যাদা এখন সমান এবং তারা অন্য কলেজে বদলি হতে পারবেন না। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জ্যেষ্ঠতম শিক্ষক ওই কলেজের অফিসার ইনচার্জের (অধ্যক্ষ) দায়িত্ব পালন করবেন।
কলেজ সূত্রে জানা গেছে, মোসা. হাসমত আরা বেগম ওই কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক। তিনি কলেজটিতে ১৯৮৬ সালের ৩১ জুলাই অর্থনীতি বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। আর রফিকুল ইসলাম বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন ২০০১ সালের ৭ এপ্রিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, রফিকুল আওয়ামী লীগের নেতা। তিনি ছিলেন ক্ষমতাসীন দলের চিফ হুইপ আ স ম ফিরোজের সহকারী একান্ত সচিব। সেই প্রভাব খাটিয়ে তিনি প্রায় পাঁচ বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কলেজটি জাতীয়করণের নামে রফিকুল শিক্ষকদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা এবং সম্প্রতি বেঞ্চ তৈরির নামে আরও কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
তবে টাকা হাতিয়ে নেওয়া ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, ‘জ্যেষ্ঠ হিসেবেই আমি এ দায়িত্ব পালন করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ কলেজের উপাধ্যক্ষ।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক এস এম ওয়াহিদুজ্জামান বলেন, যোগদানের ভিত্তিতে যিনি জ্যেষ্ঠ তিনিই এখন অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।