সরকারি নির্দেশ না চালকের ভয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটি রোগী বহন না করে কমপ্লেক্স এলাকায় অলস বসে থাকছে। অথচ অ্যাম্বুলেন্সের অভাবে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের দিনমজুর ফারুক মিয়া (৬০) গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাঁকে নিকটবর্তী দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম মাহবুব শিকদার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ফারুক মিয়ার স্বজনদের সূত্রে জানা যায়, তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দিয়ে রোগীকে ঢাকায় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অ্যাম্বুলেন্সচালক বরকত উল্লাহ সরকার অপারগতা প্রকাশ করেন। পরে ফারুক মিয়ার স্বজনেরা সাড়ে তিন হাজার টাকায় একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে ঢাকায় নেন।

অ্যাম্বুলেন্সে ওঠার আগে ফারুক মিয়ার আত্মীয় আবদুল মতিন বলেন, সরকারি অ্যাম্বুলেন্সে যেতে পারলে ভাড়া দেড় হাজার টাকা লাগত। কিছুটা নিরাপদও লাগত।

চিকিৎসক গোলাম মাহবুব বলেন, রোগীর মাথায় গুরুতর আঘাত। বাধ্য হয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

কুমিল্লার চান্দিনা উপজেলার মুরাদপুর গ্রামের আরাফাত হোসেন (৫০) বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন।

রাত ১২টার দিকে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকেরা তাঁকেও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। তাঁর সঙ্গে থাকা পবন কুমার সাহা বলেন, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে চার হাজার টাকা ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্সে রোগী ঢাকায় নিতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মালাখালা গ্রামের আলমগীর হোসেন (৩৫) পেটের ব্যথা, রাত নয়টার দিকে ঢাকারগাঁও গ্রামের রেজিয়া খাতুন (৭০) শ্বাসকষ্ট, দিবাগত রাত একটার দিকে নাছিমা আক্তার (১৯) বিষপানজনিত কারণে, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাউয়াদি গ্রামের মাকসুদা বেগম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এবং রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মিরু খান (৬০) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে এলে কর্তব্যরত চিকৎসকেরা তাঁদের ঢাকা ও কুমিল্লায় পাঠান।

এসব রোগীর স্বজনেরা কেউ স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটি পাননি। পরে অতিরিক্ত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স ও গাড়িতে গন্তব্যে রওনা হন তাঁরা।

অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি হাসপাতাল চত্বরে ঠায় দাঁড়িয়ে। রোগী বহন না করার কারণ সম্পর্কে চালক বরকত উল্লাহ সরকার বলেন, ‘অবরোধের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে বের না হতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশ আছে। তাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রোগী নিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) কাজী শামীম হোসেন অবশ্য বলেন, ‘অবরোধে ঢাকা বা অন্য কোথাও সরকারি অ্যাম্বুলেন্সে রোগী বহন নিষেধসংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি। তবে সরকারি অ্যাম্বুলেন্স দেখলে পিকেটাররা বেশি ক্ষুব্ধ হয়। তারা বেশি আক্রমণাত্মক হয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এই ভয়ে এবং জীবন রক্ষার্থে চালক হয়তো রোগী নিয়ে যেতে সাহস পাচ্ছেন না।’