সরকারি নির্দেশনা উপেক্ষা করলেন চিফ হুইপ
সরকারি নির্দেশনা অনুযায়ী একজন সাংসদ সর্বাধিক চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারেন। কিন্তু সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ পটুয়াখালীর বাউফল উপজেলার পাঁচটি কলেজের পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচটি হচ্ছে: বাউফল ডিগ্রি কলেজ, বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজ, কেশবপুর মহাবিদ্যালয় ও নুরাইপুর কলেজ।
নাম প্রকাশ না করার শর্তে একটি কলেজের একজন প্রতিষ্ঠাতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিজের সম্পত্তি দান করার পর প্রায় কোটি টাকা ব্যয় করে কলেজটি প্রতিষ্ঠা করি। সেই কলেজ থেকে আমাকে বাদ দিয়ে আ স ম ফিরোজ সভাপতি হয়েছেন।’
এদিকে নিজের দেওয়া ডিও লেটারের (আধা সরকারি পত্র) ভিত্তিতে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমে সর্বশেষ নুরাইনপুর কলেজের পরিচালনা কমিটির (অ্যাডহক) সভাপতি মনোনীত হন আ স ম ফিরোজ। পরবর্তী সময়ে তিনি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন।
এ ঘটনা জানাজানি হয়ে যায়। পরে এ প্রক্রিয়াকে বেআইনি ও ক্ষমতাবহির্ভূত দাবি করে ওই কলেজের আজীবন দাতা সদস্য কামাল হোসেন পটুয়াখালীর সিনিয়র সহকারী জজ আদালতে ৭ সেপ্টেম্বর একটি দেওয়ানি মামলা দায়ের করেন। ১৪ সেপ্টেম্বর আদালতের হাকিম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নুরাইনপুর কলেজের অ্যাডহক কমিটি গঠন বা অনুমোদন না করার জন্য বরিশাল শিক্ষা বোর্ডকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
নুরাইনপুর কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, তিনি (চিফ হুইপ) বর্তমানে পাঁচটি কলেজের পরিচালনা কমিটির সভাপতি। এর মধ্যে নুরাইনপুর কলেজের সভাপতি হয়েছেন ক্ষমতার প্রভাব দেখিয়ে, একেবারে অবৈধভাবে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বলেন, একজন সাংসদের চারটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার বিধান নেই। তবে তিনি (চিফ হুইপ) পাঁচটির হয়েছেন। তিনি আরও বলেন, মামলার বিষয়টি তাঁর জানা নেই। মামলাসংক্রান্ত কাগজ পেলে অবশ্যই আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।
চিফ হুইপ আ স ম ফিরোজ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার জানা মতে, চারটির বেশি ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়া যায় না। আমি তিনটি ডিগ্রি কলেজ ও একটি ইন্টারমিডিয়েট কলেজের পরিচালনা কমিটির সভাপতি।
অপর একটি কলেজে সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ করা হলে অবশ্যই একটি প্রতিষ্ঠান থেকে সভাপতির পদ ছেড়ে দেব।’