সরকারি পাম্পে মাপে তেল কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মাপে কম দেওয়ার অভিযোগে গতকাল সোমবার রাজধানীর পরীবাগে সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রলপাম্পের সামনে বিক্ষোভ করেছেন ক্রেতারা। তাঁদের অবরোধের মুখে দুপুর ১২টা থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পুলিশ পাম্পটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মাহাবুবুন নূরকে আটক করলে বিক্ষুব্ধ লোকজন পাম্প ছেড়ে যান। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
‘মেঘনা মডেল সার্ভিস সেন্টার’ নামে এই পেট্রলপাম্পটির পরিচালনা করে সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। ক্রেতাদের কাছে এটি শেরাটন পাম্প বা শাহবাগ পাম্প হিসেবেও পরিচিত।
গতকাল বেলা পৌনে ১২টার দিকে ওই পেট্রলপাম্পে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন মূলত মোটরসাইকেল ব্যবহারকারীরা। বিক্ষোভের শুরু থেকে সেখানে থাকা মোহাম্মদ আলী জানান, তিনি নিয়মিত এখান থেকেই মোটরসাইকেলের তেল কেনেন। কয়েক দিন ধরেই তাঁর মনে হচ্ছিল মাপে কম তেল দেওয়া হচ্ছে।
মোহাম্মদ আলী আরও জানান, তেল মেপে দেখার জন্য গতকাল তিনি মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই থেকে পাঁচ লিটার মাপের একটি পাত্র (জার) কেনেন। এরপর ওই পাম্পে গিয়ে সেই পাত্রে পাঁচ লিটার অকটেন দিতে বললে পাম্পের কর্মীরা নানা অজুহাতে বিষয়টি এড়ানোর চেষ্টা করেন। প্রথমে তাঁরা বলেন, পাম্প মেশিন ঠিকমতো কাজ করছে না, কিছুক্ষণ পরে বলেন বিদ্যুৎ নেই। পরে জেনারেটর চালাতে বললে তাঁরা বলেন, তেলই শেষ হয়ে গেছে। এ সময় সেখানে তেল কিনতে আসা অন্য মোটরসাইকেল চালকেরা মাপে কম দেওয়ার অভিযোগ শুনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তখনই পাম্পে তেল বিক্রি বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে পাম্পটির ইনচার্জ ও মেঘনা পেট্রোলিয়ামের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মাহাবুবুন নূর প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিরা যখন মাপের পাত্র নিয়ে এসে অকটেন দিতে বলেছিলেন তখন পাম্পের সংরক্ষণ ট্যাংকে তেল একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এ কারণে পাম্প মেশিনগুলো তেল টেনে তুলতে পারছিল না। সাধারণত সকাল ১১টার মধ্যেই তেল নিয়ে পাম্পে গাড়ি আসে। কিন্তু নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভের কারণে গাড়ি আসতে দেরি হয়। এ সময় ওই লোকেরা তেল দেওয়ার জন্য জোরাজুরি শুরু করেন। পরে গাড়ি এলে তাঁরা তেল নামাতেও বাধা দেন।
মাপে তেল কম দেওয়ার অভিযোগ সম্পর্কে মাহাবুবুন নূর বলেন, মাপে কম দেওয়া হচ্ছে কি না তা পরীক্ষা না করে বলা যাবে না। সাত-আট দিন পরপর মাপের পরীক্ষা করা হয় বলে তিনি জানান। তাঁর সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরেই শাহবাগ থানার পুলিশ তাঁকে আটক করে পুলিশ ভ্যানে উঠিয়ে নিয়ে যায়।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘পুলিশ মেপে দেখেছে, পাম্পের মাপ ঠিক আছে। ওদের (ক্রেতা) তথ্য ভুল ছিল। এজিএম সাহেবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
অবশ্য ক্রেতাদের অভিযোগ, পুলিশ পরে তাঁদের থানায় নিয়ে দীর্ঘ সময় বসিয়ে রেখে হয়রানি করে। পরে আরও হয়রানির শঙ্কায় তাঁরা শাহবাগ থানা থেকে বাড়ি চলে যান। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।