সরকারি পুকুর ভরাট করে বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারের খাস খতিয়ানভুক্ত একটি পুকুর ভরাট করে সেখানে ক্ষমতাসীন দলের নেতারা বিপণিবিতান নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পুকুরটি বালু দিয়ে ভরাট করে ৭০টি দোকান নির্মাণ করা হচ্ছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল মুন্সী, স্বেচ্ছাসেবক লীগের নেতা হারুন অর রশিদ, আওয়ামী লীগের সমর্থক সাফা বাজার বণিক সমিতির সভাপতি আবু সাঈদসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও আওয়ামী লীগ-সমর্থিত মুক্তিযোদ্ধারা এসব দোকানঘর নির্মাণ করছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কসংলগ্ন সাফা বজারের পূর্ব পাশে ১৫০২, ১৫৬৮ ও ১৫৭১ দাগের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত একটি পুকুর বালু দিয়ে ভরাট করেছেন ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা। সেখানে ৭০টি পাকা স্থাপনা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এক মাস আগে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন নির্মাণাধীন স্থাপনার কিছু অংশ ভেঙে দেন। এরপর সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। স্থানীয় লোকজন বলেন, নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও কাজ চলছে।
ধানীসাফা গ্রামের মুক্তিযোদ্ধা মুজিবুল হক বলেন, বাজারের পুকুর ভরাট করে সেখানে প্রভাবশালী ব্যক্তিরা পাকা স্থাপনা তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অকৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্তের বিষয়ে সরকার ১৯৯৫ সালের ৮ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে অকৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালার ৩-এর (দ) ধারায় বলা হয়েছে, খাস খতিয়ানের রেকর্ডভুক্ত জনগণের ব্যবহার্য রাস্তাঘাট, নদী, খাল, নালা, পুকুর, বাঁধ, কবরস্থান, শ্মশান, পার্ক, খেলার মাঠ ও ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দপ্তরের এলাকাধীন জমি বন্দোবস্তের আওতায় আসবে না।
আবু সাঈদ বলেন, ‘এখানে আওয়ামী লীগ-যুবলীগের নেতা, মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ নিয়ে যার যার ঘর তিনি নির্মাণ করছেন। আমার নামে বরাদ্দ পাওয়া ঘর আমি নির্মাণ করছি।’ ইকবাল মুন্সী ও হারুন অর রশিদও একই ধরনের কথা বলেন।
ধানীসাফা ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মিয়া মো. ফারুক বলেন, বাজারের একটি পুকুর ভরাট করে প্রশাসনের কাছে বন্দোবস্তের আবেদন করে সেখানে দোকান নির্মাণকাজ শুরু করা হয়। তবে ভূমি কার্যালয় থেকে ওই বরাদ্দের কোনো দাখিলা এখনো দেওয়া হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন গত সোমবার প্রথম আলোকে বলেন, খাসজমিতে অবৈধ দোকানঘর নির্মাণের ঘটনায় একটি উচ্ছেদ মামলা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।