সরকারি পুকুর ভরাট করে মিলনায়তন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনায়তন নির্মাণের জন্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের পুকুর ভরাট করা হচ্ছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
মিলনায়তন নির্মাণের জন্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের পুকুর ভরাট করা হচ্ছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ চত্বরের পাশে সরকারি পুকুর ভরাট করে মিলনায়তন নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মিলনায়তনটি নির্মাণের জন্য প্রথমে অন্য একটি জায়গা ঠিক করা হয়। পরে সংসদ সদস্যের পরামর্শে
পুকুর ভরাট করে মিলনায়তনের কাজ করা হচ্ছে।
মানবাধিকার সংস্থা পিস ফর বাংলাদেশ-এর সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ২০০০ সালের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, খাল, লেক ভরাট করা যাবে না। পরিবেশ সংরক্ষণ আইনেও জলাশয় ভরাট নিষিদ্ধ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর দরপত্র আহ্বান করে উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণকাজ শুরু হয়। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ কোটি ১১ লাখ টাকা। কমপ্লেক্সের আওতায় ৮০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের একটি মিলনায়তন করার কথা। মিলনায়তনটি নির্মাণের জন্য কমপ্লেক্সের পশ্চিম পাশে জায়গা থাকলেও তা সেখানে না করে এর একটু দূরের পুরোনো এক একর আয়তনের একটি সরকারি পুকুর ভরাট করা হচ্ছে। ইতিমধ্যে পুকুরের প্রায় এক-চতুর্থাংশ ভরাট করে পাইলিংয়ের কাজ শুরু করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুকুরের আশপাশের ব্যবসায়ীরা বলেন, এই পুকুরে নিয়মিত মাছ চাষ করা হয়। দীর্ঘদিন ধরে শত শত লোক এই পুকুরে গোসল করেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পুকুরটি উপজেলা পরিষদের শোভাবর্ধন করছে। সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন বলেন, জায়গার অভাবে মিলনায়তন নির্মাণের জন্য বরাদ্দ করা সরকারি অর্থ ফেরত যাচ্ছিল। তাই তিনি পুকুরের আংশিক ভরাট করে মিলনায়তন নির্মাণের ব্যবস্থা করেছেন।
উপজেলা প্রকৌশলী বাবুল আক্তার বলেন, মিলনায়তনটি নির্মাণের জন্য প্রথমে উপজেলা কমপ্লেক্স-সংলগ্ন মসজিদের পাশে ফাঁকা জায়গা নির্ধারণ করা হয়। পরে সংসদ সদস্যের পরামর্শে পুকুর ভরাট করে সেখানে মিলনায়তন নির্মাণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, পুকুরটি উপজেলা পরিষদের আওতাভুক্ত। পরিষদের কর্মকর্তারা মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তাঁর কিছু বলার নেই।