সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার সরকারি ও সেবাদানকারী নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ, হয়রানিসহ নানা অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা। গতকাল বুধবার উপজেলা চত্বরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গণশুনানিতে ওই সব অভিযোগ করেন তাঁরা।

সকাল সাড়ে ১০টায় গণশুনানি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফকরুল হাসানের সভাপতিত্বে গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল আহসান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ভূমি কার্যালয়, জরিপ কার্যালয়, সাব-রেজিস্ট্রি কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমাজকল্যাণ কর্মকর্তার কার্যালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসে। এর মধ্যে গ্রাহকেরা সবচেয়ে বেশি অভিযোগ করেন বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ের বিরুদ্ধে। তা ছাড়া জরিপ কার্যালয়, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সেবা নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

পাইকগাছা মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগারের সম্পাদক মাসুদুর রহমান অভিযোগ করেন, তাঁর পাঠাগারটির জন্য ইউএনও কার্যালয়ে পাঁচ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু ওই টাকা তাঁদের না জানিয়ে অন্য প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউএনওর দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কোনো ফল মেলেনি।

লস্কার ও সোলাদানা ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ করেন গ্রাহকেরা। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই দুই ইউনিয়নের ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন দুদকের কমিশনার।

উপজেলা জরিপ কর্মকর্তার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ করেন কয়েকজন গ্রাহক। এ ব্যাপারেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা, প্রাইভেট প্র্যাকটিসে বেশি মনোযোগী হওয়া, হাসপাতাল থেকে রোগীদের ওষুধ না দেওয়া, বাইরে থেকে প্যাথলজি পরীক্ষা করানোসহ বিভিন্ন অভিযোগ করেন গ্রাহকেরা।

এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, প্রতিটি অভিযোগের ব্যাপারেই তদন্ত হবে। অভিযোগগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ সরকারি ও সেবাদানকারী অফিসগুলোতে দালালের তৎপরতা দূর করার আহ্বান জানান। ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ লেখা একটি ব্যানার দৃশ্যমান স্থানে টানানোর জন্য তিনি কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন। তা ছাড়া গ্রাহকদের হয়রানি বন্ধ করতে অফিসের মাধ্যমে তথ্যমেলা ও সেবা সপ্তাহ চালু করার পরামর্শ দেন তিনি।