সরকারি প্রতিষ্ঠানের কাছে ট্যাক্স বকেয়া ৬৪ কোটি টাকা
সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ বকেয়া প্রায় ৬৪ কোটি টাকা। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেই পাওনা আছে ১৭ কোটি টাকা। দফায় দফায় নোটিশ দিয়েও এ ট্যাক্স আদায় করতে পারছে না সিটি করপোরেশন।
গত বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে ২৬টি সেবা সংস্থার প্রধানদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএনসিসির মেয়র আনিসুল হক হোল্ডিং ট্যাক্সের বকেয়া দ্রুত পরিশোধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানান।
জানতে চাইলে মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, সরকারি সংস্থাগুলোর কাছেই প্রায় ৬৪ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়গুলোতে যোগাযোগ করা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে। বকেয়া আদায়ে ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগ হচ্ছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ বা ডিসেম্বরের শুরুতে পরবর্তী সমন্বয় সভার আগেই বকেয়া আদায় ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
ডিএনসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন সরকারি সংস্থার কাছে কয়েক বছরের হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়েছে। আবার অনেক সরকারি সংস্থার কাছে কোনো পাওনা নেই। ডিএনসিসির পক্ষ থেকে মন্ত্রণালয় অনুযায়ী পাওনার পরিমাণ হিসাব করা হয়েছে। পাওনা আদায়ে বিল বই, চিঠি, নোটিশ, তাগাদাপত্র দেওয়া হচ্ছে।
ডিএনসিসির রাজস্ব বিভাগের করা মন্ত্রণালয়ের পাওনার তালিকা অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৭০১টি হোল্ডিং নম্বরের বিপরীতে মোট পাওনা ৬৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৫ টাকা। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩০৬টি হোল্ডিং নম্বরের বিপরীতে পাওনা ১৬ কোটি ৯০ লাখ টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭০টি হোল্ডিংয়ের কাছে পাওনা ১৩ কোটি ২০ লাখ টাকা। শিল্প মন্ত্রণালয়ের ৯টি হোল্ডিংয়ের কাছে পাওনা প্রায় ১২ কোটি টাকা।
বকেয়া হোল্ডিং ট্যাক্সের বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বকেয়া থাকলে অবশ্যই পরিশোধ করতে হবে। সিটি করপোরেশন হয়তো প্রতিবছর শেষে না নিয়ে কয়েক বছরেরটা একবারে চেয়েছে। এ বিষয়ে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলব।’
২০১৫-১৬ অর্থবছরে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স বাবদ রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৪১০ কোটি টাকা। ডিএনসিসি আদায় করতে পেরেছে ২৭৫ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরে ডিএনসিসি হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে ৪৮০ কোটি টাকা। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সরকারের বিভিন্ন সংস্থার কাছে পাওনা ৬৪ কোটি টাকা আদায় হলে হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ অনেকটাই সহজ হবে।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সরকারি সংস্থার কাছে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় হলে এবারের বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার অনেকটা আদায় হয়ে যেত। ডিএনসিসির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এবারের সমন্বয় সভায় বলা হয়েছে। আশা করছি, এবার টাকাগুলো আদায় হবে।’