সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনাজউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। ছুটি ছাড়াই তিন বছর বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, অব্যাহতি না নিয়েই ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক এ কে এম গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী ২০১৩ সালের ৪ জুন থেকে আদেশটি কার্যকর হবে। ৯ মার্চ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ২৯ মার্চ মঙ্গলাবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাতে পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮৫ সালের ১ আগস্ট বলেশ্বরপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই মিনাজউদ্দিন প্রধান শিক্ষক হিসেবে সেখানে কর্মরত আছেন। ২০১৩ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। ওই বছরের ২৭ এপ্রিল আইলহাস ইউনিয়ন পরিষদের নির্বাচনে মিনাজউদ্দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। সরকারি চাকরিজীবী হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্রটি বাতিল করেন। উচ্চ আদালতের নির্দেশে মিনাজউদ্দিন প্রার্থিতা ফিরে পান এবং জয়লাভ করেন। ৪ জুন পরিষদের দায়িত্ব নেন।
সরকারি দুটি দপ্তরের যেকোনো একটি ছেড়ে দেওয়ার সরকারি বিধান থাকলেও মিনাজউদ্দিন তা না করে কালক্ষেপণ করতে থাকেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে যেকোনো একটি পদ বেছে নিতে নির্দেশ দিলে অক্ষমতাজনিত কারণ দেখিয়ে চাকরি থেকে অবসর গ্রহণের আবেদন করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। গত বছরের ১৫ এপ্রিল সিভিল সার্জন আজিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড মিনাজউদ্দিনকে সক্ষম বলে মতামত দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার প্রথম আলোকে জানান, বরখাস্তের বিষয়টি দ্রুত মিনাজউদ্দিনকে জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় মিনাজউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে জানান, বরখাস্তের খবর তাঁর জানা নেই। তিনি দাবি করেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছেন।