
রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৪ নম্বর সেক্টরে কয়েকটি সড়কের খালি প্লটে গড়ে উঠেছে অবৈধ বস্তি, ২৫টিরও বেশি রিকশার গ্যারেজ, সাতটি অটো মোবাইল ওয়ার্কশপ, বেশ কয়েকটি মুরগির খামার, খাবার হোটেল, মনিহারি দোকান ও কাঁচাবাজার। এলাকাবাসীর অভিযোগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে দখল হয়ে যাচ্ছে এই প্লটগুলো।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, ১৪ নম্বর সেক্টরের ২০, ২০/এ, ২১, ২১/এ, ২২ ও ২৩ নম্বর সড়কসহ কয়েকটি সড়কের মোট ১২২টি খালি প্লটে এই বস্তিগুলো গড়ে উঠেছে। বস্তিবাসীরা বলেন, প্রতি বস্তিতেই গড়ে ১৫ থেকে ২০টি ঘর আছে। কিছু বস্তিতে এই সংখ্যা ত্রিশের বেশি। তবে ভাড়ার টাকা কার কাছে যাচ্ছে, সেটা জানেন না কেউ। এলাকার বস্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় বস্তির মালিক সবুর মা। সেক্টরের ২১ নম্বর সড়কের দুই পাশে প্রায় পুরোটা অংশ জুড়েই আছে সবুর মায়ের বস্তি। আট-নয়টি খালি প্লট দখল করে নির্মিত এই বস্তিতে ঘরের সংখ্যা শতাধিক।
এলাকাবাসীর অভিযোগ, এই বস্তিগুলো থেকে আদায় করা ভাড়ার একটা বড় অংশ যায় রাজউকের কিছু অসাধু কর্মকর্তার পকেটে। এ বিষয়ে রাজউকের নির্বাহী প্রকৌশলী (উত্তর ঢাকা) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কথা বলে কেউ এর সুযোগ নিতে পারে। আমরা বিষয়টা অবগত আছি। প্লটগুলোতে গড়ে ওঠা এসব বস্তি ও অবৈধ স্থাপনার একটা তালিকা তৈরি হচ্ছে। রোজার পরেই এগুলো উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হচ্ছে।’
১৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বস্তির কারণে সেক্টরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তা ছাড়া, অবৈধভাবে নির্মাণ করা বস্তিগুলোর সীমানা প্লট ছাড়িয়ে রাস্তায় এসে পড়ছে। তিনি আরও বলেন, ‘আমাদের সেক্টরের পার্ক এবং খেলার মাঠে যেতে হলে ওই সড়ক দিয়েই সবাইকে যাতায়াত করতে হয়। কিন্তু সেখানে বস্তি, গ্যারেজ, মুরগির খামারের মতো অবৈধ স্থাপনা গড়ে ওঠায় ওই পথে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
বস্তিবাসীর দৈনন্দিন ব্যবহারের ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে যেখানে-সেখানে। বেশ কিছু স্থানে জমে আছে ময়লার স্তূপ। এ বিষয়ে শাহ আলম বলেন, ‘কিছুদিন আগে ২০ নম্বর সড়কে বড় আকারের আবর্জনার স্তূপ জমে গিয়েছিল, সেটি আমরা কল্যাণ সমিতির উদ্যোগে এবং সিটি করপোরেশনের সহায়তায় পরিষ্কার করেছি।’ তিনি আরও বলেন, বস্তিবাসী তাদের আবর্জনা সরাসরি নালায় ফেলে দেয়। এতে করে অনেক সময় নালা বন্ধ হয়ে যায়।
সেক্টরের ২১/এ নম্বর সড়কে এলাকাবাসীর খেলাধুলা, শরীরচর্চা এবং চিত্তবিনোদনের জন্য রয়েছে পার্ক ও খেলার মাঠ। কিন্তু তার উল্টো দিকেই খালি প্লট দখল করে গড়ে ওঠা এই অবৈধ স্থাপনাগুলোর জন্য পার্ক বা মাঠে গিয়েও স্বস্তি পাচ্ছেন না এলাকাবাসী। পার্কে হাঁটতে আসা এক নারী অভিযোগ করে বললেন, ‘পার্কে সকাল-বিকেল একটু হাঁটাহাঁটি করতে আসি। কিন্তু পার্কে এসেও স্বস্তিতে নিশ্বাস নিতে পারি না, নাক চেপে ধরে এই এলাকা থেকে বেরোতে হয়।’
সেক্টরটির ২০ নম্বর সড়কের একটি বাসার নিরাপত্তা প্রহরী নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর বস্তিগুলো পরিণত হয় নেশার আখড়ায়।
উন্নয়নে অবহেলিত ১৪ নম্বর সেক্টর: সেক্টরের পানি ও পয়োনিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নেই। কিছু সড়কে এক ফুট প্রস্থ ও দেড় ফুট গভীরতার নালা থাকলেও সেগুলো উন্মুক্ত। অধিকাংশ নালা আবার কাঁচা মাটির। ফলে রাস্তার ময়লা-আবর্জনা পানিতে ভেসে নালায় জমা হয়ে সেগুলো বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর অনেকেই আবর্জনা সরাসরি নালায় ফেলে দেন। ফলে বদ্ধ নালার উপচে পড়া ময়লা পানিতে সয়লাব হয়ে গেছে সেক্টরের বিভিন্ন সড়ক। অনেকে সেই পানিতেই ধুয়ে নিচ্ছেন নিজের রিকশা-ভ্যান। ২১ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার কেয়ারটেকার কেরামত মিয়া বলেন, শুকনো মৌসুমেও আবর্জনা জমে নালা বন্ধ হওয়ার কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও বাড়ে।
সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিজেও আক্ষেপ করে বললেন, গত ছয়-সাত বছরে সিটি করপোরেশন কিংবা রাজউক—কোনো প্রতিষ্ঠান থেকেই কোনো প্রকার উন্নয়নকাজ করা হয়নি সেক্টরটিতে। তাই এই সেক্টরে নাগরিক সুবিধা নেই বললেই চলে।