জামালপুরের ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ বস্তা সরকারি বই বিক্রির সময় গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে জহির উদ্দিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সাড়ে তিন শ শিক্ষার্থী রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক কৌশলে শিক্ষা কার্যালয় থেকে বেশি বই বরাদ্দ নিতেন। গত মঙ্গলবার রাত আটটার দিকে ২০ বস্তা বই বিক্রির জন্য বিদ্যালয় থেকে ভ্যানে করে তিনি স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হাড়িয়াবাড়ি বাজারের কাছে স্থানীয় লোকজন প্রধান শিক্ষক জহির উদ্দিনকে বইসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার পরও ওই প্রধান শিক্ষক তিন মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন না। বই বিক্রি সম্পর্কেও তিনি তাঁকে কিছু জানাননি। বইসহ প্রধান শিক্ষক গ্রেপ্তার হওয়ার পর তিনি এ বিষয়ে জানতে পেরেছেন।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ে অনেক সময় বই বেশি থাকতে পারে। কিন্তু কেউ তা বিক্রি করতে পারেন না। শিক্ষার্থীর চেয়ে বেশি বই বরাদ্দ হলো কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যালয়ে চাহিদাপত্র অনুযায়ী বই বরাদ্দ দেওয়া হয়। সে সময় বিদ্যালয় থেকে চাহিদা হয়তো বেশি দিয়ে থাকতে পারে। তবে ওই ২০ বস্তায় নতুন-পুরোনোসহ কয়েক বছরের বই রয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম জানান, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এএসআই আরিফুল ইসলাম গতকাল থানায় একটি মামলা করেছেন।