সরকারি বাঁওড়ে মাছ চাষ করছেন আ.লীগ নেতারা
ব্যবস্থাপকের সঙ্গে গোপন সমঝোতায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারের কাঠগড়া বাঁওড়ে মাছ চাষ করেছেন আওয়ামী লীগের নেতারা। বর্তমানে মাছ বিক্রি করে তাঁরা পকেটে টাকা পুরছেন।
বাঁওড় ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা যায়, কাঠগড়া বাঁওড়টি মোট জলকর ১৩৯ হেক্টর। মৎস্য অধিদপ্তর ভূমি মন্ত্রণালয় থেকে মাছ চাষের জন্য ২০১৬ সাল পর্যন্ত এটি ইজারা নিয়েছে। কিন্তু চলতি মৌসুমে বাঁওড় ব্যবস্থাপক মুজিবর রহমানের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার যোগসাজশে মাছ চাষ করা হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন মান্দারবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকবর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ সদস্য আলমগীর হোসেনসহ কয়েকজন।
নাম প্রকাশ না করার শর্তে বাঁওড়ে মাছ চাষের সঙ্গে জড়িত একজন জানান, মৌসুমের আগে তাঁরা ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করেন। বাঁওড়টিতে এবার তাঁরা মাছ চাষ করবেন এবং এ ব্যাপারে তাঁদের সহযোগিতা করতে হবে। বিনিময়ে তিনি আর্থিকভাবে লাভবান হবেন। এরপর মজিবর রহমান বাঁওড়ে ঠিকমতো মাছ চাষ হচ্ছে না দেখিয়ে চলতি মৌসুমে মাছ আহরণের লক্ষ্যমাত্রা কমিয়ে দেন। এর আগে এখানে উৎপাদিত হতো ৪৫ মেট্রিক টন মাছ। তিনি এ বছর ৯ লাখ টাকা মূল্যের ২০ মেট্রিক টন মাছ চাষ হবে বলে লক্ষ্যমাত্রা দিয়েছেন। এরপর নেতাদের সঙ্গে আলোচনা করে বাঁওড়টি তাঁদের জিম্মায় দেন।
গোপন সমঝোতা অনুযায়ী, নেতারা মাছ চাষ করে সরকারকে ২০ মেট্রিক টন মাছ জমা দেবেন। বাকি মাছ বিক্রির টাকা নেতারা ভাগাভাগি করবেন। এখানে মজিবর রহমানকে কোনো কাজ করতে হবে না।
আরেক মৎস্যজীবী জানান, পরে নেতারা ১০৩ জন নেতা-কর্মীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে বাঁওড়ে মাছ ছাড়েন। এখন চলছে মাছ আহরণ। গত ৫ ডিসেম্বর মাছ ধরা কার্যক্রমের উদ্বোধন করেন মান্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লালচাঁদ শেখ। টাকার হিসাব-নিকাশ করছেন বাঁওড়ের কথিত ব্যবস্থাপকের দায়িত্ব পাওয়া ইউনিয়ন যুবলীগের সদস্য আলমগীর হোসেন। ইতিমধ্যে ১৬ লাখ টাকার মাছ বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। আগামী জুন মাস পর্যন্ত এই মাছ ধরা চলবে।
অভিযোগ অস্বীকার করে মজিবর রহমান এই প্রক্রিয়াকে অচল বাঁওড়কে সচল করা বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, সরকারিভাবেই মাছ ছাড়া হয়েছে।
বাঁওড়ের অন্যতম অংশীদার মান্দারবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকবর আলী জানান, তিনি ৩০ হাজার টাকা দিয়ে অংশীদার হয়েছেন। বাঁওড়টি দখল করা হয়নি দাবি করে তিনি বলেন, তাঁরা সরকারি হিসাবের মাছ জমা দিয়ে বাকিগুলো নিজেরা নিচ্ছেন। এতে সরকারের কোনো ক্ষতি হচ্ছে না।
কথিত ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, বাঁওড়টি মাছ চাষের অনুপযোগী ছিল। সরকার প্রতিবছর লোকসান দিচ্ছিল। তাঁরা চেষ্টা করছেন লাভ করার। এ বিষয়ে লালচাঁদ শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে বাঁওড় ব্যবস্থাপনা প্রকল্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, আসলে এই বাঁওড়টিতে পানির অভাবে ঠিকমতো মাছ চাষ করা যেত না। তাঁরা লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছেন। এই অবস্থায় স্থানীয় কিছু মৎস্যজীবী এটাকে কাজে লাগিয়ে লাভজনক করার চেষ্টা করছেন। তাঁরা সরকারের লক্ষ্যমাত্রার টাকাও দেবেন। তবে বাঁওড়টি লাভজনক পর্যায় গেলে মৎস্য অধিদপ্তর নিজেরাই মাছ চাষ শুরু করবে বলে ওই কর্মকর্তা জানান।
বাঁওড় ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক রমজান আলী জানান, বাঁওড় দখল করে নিয়েছেন কথাটি ঠিক নয়। তবে কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হবে।