সরকারি বিভিন্ন দপ্তরের ভুয়া সিল ছিল তাঁর কাছে
বাগেরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের ভুয়া সিল ও কোর্ট ফিসহ এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা বলছে, ওই ব্যক্তি এগুলো ব্যবহার করে জমির ভুয়া কাগজপত্রসহ বিভিন্ন নথি তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম বদরুল ইসলাম (৪৮)। তিনি বাগেরহাট সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে জেলা শহরের কোর্ট মসজিদ রোড এলাকার একটি কম্পিউটারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি।
বাগেরহাট সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাট মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুল আলীকে সম্প্রতি গ্রেপ্তার করেন তাঁরা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই বদরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় একটি জালিয়াত চক্রের হোতা। বদরুলের নেতৃত্বে চক্রটি ভুয়া সরকারি সিল তৈরি করে জমির জাল পরচা তৈরি করে মানুষের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছিল।
সিআইডি বলছে, অভিযানকালে বদরুলের কাছে বিভিন্ন সরকারি দপ্তরের সাতটি ভুয়া সিল পাওয়া যায়। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের মহাফেজখানা ও বাগেরহাট সেটেলমেন্ট কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের নামে এসব সিল বানানো হয়। পাশাপাশি তাঁর কাছ থেকে ১ টাকার ৩৩টি কোর্ট ফি ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
এসআই মো. ফরিদুল ইসলাম জানান, বদরুলকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।