সরকারি মদদে 'আসল বিএনপি'র হামলা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন ‘আসল বিএনপি’র হামলার পেছনে সরকারের মদদ রয়েছে। তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারের মদদে ‘আসল বিএনপি’ নামে কামরুল হাসান নাসিমের সমর্থকেরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় কামরুল কার্যালয়ে অদূরে দাঁড়িয়েছিলেন।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করে রিজভী দলের এ প্রতিক্রিয়া জানান। বিকেল পৌনে চারটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ করতে যায় ‘আসল বিএনপি’। এ সময় কার্যালয়ে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে ‘আসল বিএনপি’ পিটুনি খেয়ে পালায়।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দাবি করেন, এ ঘটনা সরকারি নীলনকশার অংশ। ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন এবং সম্প্রতি পৌর নির্বাচনে হওয়া কারচুপি থেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতেই সরকার পুলিশের সহায়তায় এ ঘটনা ঘটিয়েছে। তিনি ‘আসল বিএনপির লোকদের উচ্ছিষ্ট ও টোকাই আখ্যা দিয়ে বলেন, এদের দিয়েই উদ্দেশ্যমূলকভাবে হামলা চালানো হয়েছে। হামলায় সাংবাদিকসহ ছাত্রদল ও যুবদলের ১৫ জন আহত হয়েছেন।

রিজভী বলেন, ‘দুপুরের পর থেকে এ ধরনের হামলার খবর পেয়ে পুলিশকে অবহিত করি। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পুলিশের পাহারায় হামলা চালানো হয়েছে।’

সংবাদ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।