সরকারি মাছ আ.লীগ নেতা-কর্মীদের বিলে
রাজশাহীর বাগমারা উপজেলায় নীতিমালা লঙ্ঘন করে সরকারি টাকায় কেনা মাছ আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুটি বিলে ও উপজেলা পরিষদের একটি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। সরকারদলীয় নেতা-কর্মীদের খুশি করতে মৎস্য কার্যালয় এ অনিয়ম করায় সরকারি প্রকল্প ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে চলতি বছরে উম্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনামাছ অবমুক্ত করার প্রকল্প নেওয়া হয়। মাছের পোনা সংগ্রহের জন্য গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে মৎস্য কার্যালয় দরপত্র আহ্বান করে। স্থানীয় বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমানকে সমঝোতার মাধ্যমে মাছের পোনা অবমুক্তের কাজ দেওয়া হয়।
তবে প্রকল্পের বিধিতে উল্লেখ আছে, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও মাছের পোনা ছাড়া হবে। ওই সব মাছের পোনা থেকে আরও পোনা উৎপাদন ও জেলেরা তার সুবিধা ভোগ করবেন। কিন্তু মাছ অবমুক্তের ক্ষেত্রে উপজেলা মৎস্য বিভাগ এসব বিধি মানেনি।
মৎস্য কার্যালয় পোনা অবমুক্ত করার জন্য উপজেলার নরদাশ ইউনিয়নের কোলা ও জশের বিল নির্বাচন করে। এর মধ্যে কোলার বিলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফ্ফর হোসেন ও জশের বিলে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান দলীয় লোকজন নিয়ে মাছ চাষ করেন। এ ছাড়া ৫০ হাজার টাকার মাছ উপজেলা পরিষদের পুকুরে অবমুক্তের জন্য নির্বাচন করা হয়। ওই পুকুরের নিয়ন্ত্রণ উপজেলা পরিষদের হাতে।
গত ২৩ আগস্ট উপজেলা পরিষদের ওই পুকুরে ও গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওই দুটি বিলে স্থানীয় সাংসদ এনামুল হকের উপস্থিতিতে উপজেলা মৎস্য বিভাগ রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন। তবে এসব পোনা অবমুক্তের দায়িত্বপ্রাপ্ত যুবলীগ নেতা মাহাবুর রহমান ওই সব জলাশয়ে মাছের পোনা অবমুক্তের কথা স্বীকার করে জানান, মৎস্য কার্যালয়ের নির্দেশে তা করা হয়েছে।
এ বিষয়ে আবদুল মান্নান জানান, তাঁদের চাষ করা বিলে সরকারি টাকার মাছ ছাড়া হয়েছে। তাঁরা জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে বিলে মাছ চাষ করছেন।
স্থানীয় মৎস্যজীবী জহির উদ্দিন, আবদুল আলী, সেকেন্দারসহ অন্যরা অভিযোগ করে জানান, বিল দুটি প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় তাঁরা মাছ ধরতে পারেন না। সরকারি দলের লোকজনকে খুশি করতে তাঁদের জলাশয়ে সরকারি টাকায় মাছ অবমুক্ত করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মৎস্যজীবী জানান, নীতিমালা লঙ্ঘন করে সরকারি টাকায় কেনা মাছ আওয়ামী লীগ নেতা-কর্মী ও উপজেলা পরিষদ নিয়ন্ত্রিত জলাশয়ে অবমুক্ত করায় উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা মাছ অবমুক্তের সরকারি প্রকল্প ভেস্তে গেছে।
এ বিষয়ে জলাভূমি নির্বাচন ও পোনা মাছ সংগ্রহ কমিটির সদস্য সচিব উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান প্রথম আলোকে জানান, উৎপাদন বৃদ্ধি ও মাছের পোনা রক্ষণাবেক্ষণের জন্য ওই দুটি বিল ও একটি জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়েছে। তবে আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রিত বিলে নয়, ওই দুটি বিলে সমাজভিত্তিক মাছ চাষ হয় বলে তিনি দাবি করেন।