সরকারি রাস্তা কেটে ফসলি জমি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে সরকারি অর্থায়নে নির্মিত রাস্তা কেটে তা ফসলি জমিতে পরিণত করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
মাগুরী গ্রামের শাহেদুল কাদের কাজলা-বগারবাইদ গ্রামের বাসিন্দা মনির উদ্দিনের নামে এ অভিযোগটি করেন। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, প্রায় ১০ ফুট চওড়া ওই রাস্তার গুলবাড়ি অংশের প্রায় ২০০ ফুট কেটে ফসলি জমি করা হয়েছে। সড়কের যেটুকু অংশ অবশিষ্ট সেখান দিয়ে হেঁটে চলাই কষ্টকর। রাস্তার পাশের একটি বাড়ির আয়েশা খাতুন বলেন, সড়কটি হওয়ার পর তাঁরা ভালোভাবে চলাচল করতে পারতেন। এখন সড়কটি কেটে ফেলায় বাড়ি পর্যন্ত রিকশা আসে না। আরেক প্রতিবেশী আবদুর রশিদ বলেন, রাস্তাটি কেটে ফেলায় তাঁরা বিপদে পড়ে গেছেন।
শাহেদুল কাদেরের অভিযোগ থেকে জানা গেছে, ২০০২-০৩ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় মাগুরী সেতুর গোড়া থেকে আনোয়ারপুর বড়কান্দা ঈদগাহ মাঠ পর্যন্ত একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। কয়েক দিন আগে মাগুরীর পাশের গ্রাম কাজলা-বগারবাইদ গ্রামের মনির তাঁর লোকজন দিয়ে বড়কান্দা গুলবাড়ি এলাকায় নিজের জমির পাশ-ঘেঁষে চলে যাওয়া রাস্তা কেটে নিজের জমিতে মাটি ফেলা শুরু করেন। স্থানীয় লোকজন বাধা দিলেও রাস্তা কাটা বন্ধ না করে উল্টো এলাকাবাসীকে হুমকি দেন মনির উদ্দিনের লোকজন।
অভিযোগকারী শাহেদুল কাদের বলেন, এই সড়ক দিয়ে স্থানীয় পাঁচ শতাধিক বাসিন্দা হেঁটে চলা ছাড়াও রিকশা-ট্রলি দিয়ে মালামাল পরিবহন করে। মনির তাঁর ফসলি জমি বাড়াতে রাস্তা কেটে ফেলেন। বাধা দিলেও কাজ না হওয়ায় ইউএনও বরাবর অভিযোগ করা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মনির উদ্দিন বলেন, ‘আমি ঢাকায় থাকি। আপনি আমার ভাই-ভাতিজার সঙ্গে কথা বলেন।’ রাস্তা থেকে মাটি কেটে আপনার জমিতেই ফেলা হচ্ছে প্রশ্ন করার পর তিনি বলেন, কিছু মাটি কাটার পর এখন মাটি কাটা বন্ধ রয়েছে।
দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান নবাব বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
ইউএনও সুলতানা আক্তার বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।