সরকারি সাতটি গাছ কেটেছেন ইউপি সচিব
রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আশরাফুল আলমের বিরুদ্ধে সাতটি সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সচিব বলেছেন, তিনি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ সরকারের নির্দেশে এ গাছগুলো কেটেছেন।
সরেজমিন সড়কে গিয়ে দেখা গেছে, সাতটি গাছ গোড়ার ওপর থেকে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাঁচটি গাছের গোড়া স্পষ্ট বোঝা যাচ্ছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত সোমবার সকালে আশরাফুল লোকজন নিয়ে করাত দিয়ে উপজেলার লালদীঘি-তারাগঞ্জ সড়কের দুই ধারের মাদারগঞ্জ বাজারসংলগ্ন স্থান থেকে নিম ও ইউক্যালিপটাস প্রজাতির সাতটি গাছ কাটেন। কাটা সাতটি গাছের দাম এক লাখ টাকারও বেশি। মাদারগঞ্জ বাজারের এক চায়ের দোকানদার বলেন, কাটা গাছগুলোর মধ্যে মাত্র একটি গাছ মরা ছিল। লালদীঘি-তারাগঞ্জ সড়কটি জেলা পরিষদের।
আশরাফুল আলম পাঁচটি গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘রাধানগর ইউপির চেয়ারম্যানের নির্দেশে গাছ কেটেছি। গাছগুলো দিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দরজা ও জানালা তৈরি করা হবে।’
ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘আমি সচিবকে সড়কের পাশে তিনটি মরা গাছ কাটতে নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তিনি সাতটি কেন কাটলেন, তা দেখব।’ বিধি না মেনে সরকারি গাছ কাটা যায় কি না—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব বিধি মেনে কাজ করা মুশকিল।’
গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, সড়ক থেকে কেটে নেওয়া সাতটি গাছের মধ্যে দুটি নিমগাছ ও কিছু ডালপালা পড়ে রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সব দরজা-জানালা ভালো রয়েছে।
ঘটনা তদন্তে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবীর। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, সরকারি গাছ বিধি না মেনে কেউ কাটতে পারবে না। রংপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ফজলার রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ তাঁরা এখনো পাননি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।