সরকারি সিদ্ধান্তের চেয়ে বড় আ.লীগ নেতার নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে আওয়ামী লীগের এক নেতার নির্দেশে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন করা হয়নি।
ওই নেতার নাম ইব্রাহিম ফারুক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সূত্রে জানা যায়, ইব্রাহিম ফারুক গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের ডেকে সভা করেন। এ সময় তিনি শনিবার দিবসটি পালন না করে তা অন্য দিন করার নির্দেশ দেন। তাঁর নির্দেশ অমান্য করলে প্রয়োজনে জোর করে অন্যত্র বদলি করে দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে উপজেলার বাকি ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি নির্দেশ মোতাবেক শনিবার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাধ্যমিক বিদ্যালয়, একটি ফাজিল ও পাঁচটি দাখিল মাদ্রাসা রয়েছে। এর মধ্যে বড় ডালিমা আজাদ, নাজিরপুর বোর্ড, বড় ডালিমা, নিমদি ও ধানদী বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালিত হয়েছে।
বড় ডালিমা দাখিল মাদ্রাসার সহসুপার মো. আবদুল হাকিম বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পালনের প্রস্তুতি থাকলেও ইউপি চেয়ারম্যানের নির্দেশে ওই দিন পালন করা সম্ভব হয়নি। তবে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে পালন করব।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা ইব্রাহিম ফারুক বলেন, ‘একই দিন সবাই পালন করলে ঢিলেঢালাভাবে পালিত হয়। এ কারণে শনিবার পালন না করে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো দিন পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।’ সরকারিভাবে নির্দেশ আছে ওই দিন পালন করার, সেখানে আপনি ওই নির্দেশ দিতে পারেন কি না, এমন প্রশ্নের জবাব না দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গ লাল রায় বলেন, বিষয়টি তাঁর জানা নেই। প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে ১১ আগস্ট দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মাসিক সমন্বয় সভা হয়। ওই সভায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, যেসব প্রতিষ্ঠান সরকারি নির্দেশ পালন করেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।