
বাজারের ওষুধের দোকানে মিলছে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা ওষুধ। হাসপাতালের একশ্রেণির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এসব ওষুধ বাইরে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম নগরের স্টেশন রোড ও আলকরণ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালায়। এ সময় চারটি ওষুধের দোকানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুটি দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন কারণে এ দণ্ড দেওয়া হয়।
আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। তিনি বলেন, ড্রাগ অধ্যাদেশের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। অভিযানের সময় চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
নগরের আলকরণ এলাকার আর এস মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল ও ট্যাবলেট রয়েছে। দোকানটিতে বিদেশি অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়। দোকানটির ড্রাগ লাইসেন্সের মেয়াদও ছিল না। আর এস মেডিকেলকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়।
এ বিষয়ে ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব বলেন, ‘এত সরকারি ওষুধ পেয়েছি এটা বিস্ময়কর। এই ওষুধ সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ। হাসপাতালের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী ওষুধ বাইরে বিক্রি করে দেয়। হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে তদারকি বাড়ানো দরকার।’
অভিযানে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে স্টেশন রোডের কাদের মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়। এখানেও সরকারি ওষুধের পাশাপাশি অনুমোদনহীন কিছু ওষুধ পাওয়া যায়। অনুমোদনহীন ওষুধের মধ্যে ভারতীয় কিছু ওষুধ রয়েছে।
এ ছাড়া ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকায় আলকরণের মেডিসিন প্লাস নামের দোকানকে পাঁচ হাজার টাকা এবং স্টেশন রোডের সাফিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অল্প কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় বলে জানান ওষুধ তত্ত্বাবধায়ক।
সরকারি ওষুধ বাইরের দোকানে বিক্রির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘আমাদের অফিস, জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ওষুধ আসে। এসব ওষুধ বাইরে কীভাবে গেল তা জানা দরকার। আমি কাল (সোমবার) একটি টিম করে দেব এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়ার জন্য।’
এ বিষয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী বলেন, ‘আমার এখান থেকে সরকারি ওষুধ বের হয়েছে কি না তা খতিয়ে দেখব। যদি প্রমাণ পাই তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’