সরকারি হাসপাতালের ওষুধের বিনিময়ে আসছে ফেনসিডিল!
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রামের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ভোরে প্রায় দুই লাখ টাকার ওষুধ জব্দ করেছে র্যা ব। এ সময় মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়। সরকারি হাসপাতালের এসব ওষুধের বিনিময়ে ভারত থেকে ফেনসিডিল আনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আটক মাদক ব্যবসায়ীর নাম কাইছার হোসেন (৩৩)। তাঁর বাড়ি গোদাগাড়ীর পিরিজপুর গ্রামে।
র্যা ব-৫-এ কর্মরত স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে কাইছার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁরা বাড়ির ভেতরে ঢুকতে দেখেই কাইছার পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করে ধরা হয়। পরে তাঁর ঘর তল্লাশি করে সরকারি হাসপাতালের জন্য সরবরাহকৃত ওই ওষুধ জব্দ করা হয়। এগুলোর প্রতিটির গায়েই লেখা রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ: ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’।
মোবাশ্বের রহিম আরও বলেন, গোদাগাড়ী থানা-পুলিশ তাদের (র্যা ব) জানিয়েছে, তাদের (পুলিশ) কাছে তথ্য রয়েছে চোরাকারবারিরা ওই ওষুধ ভারতে পাচার করে তার বিনিময়ে ফেনসিডিল নিয়ে আসে।
এদিকে র্যা বের হাতে আটক কাইছারের নামে ফেনসিডিল পাচারের দুটি মামলা রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি মামলার কথা স্বীকার করেন। তিনি বলেন, তাঁর মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। এগুলো ষড়যন্ত্রমূলক মামলা। এক ইউপি সদস্য তাঁর বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছেন। ওই ইউপি সদস্যই তাঁর বাড়িতে ওষুধ রেখেছেন। ওষুধ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ওই ইউপি সদস্যই জানেন। ওষুধগুলো ভারতে পাচার করা হবে, নাকি দেশেই বিক্রি করা হবে—জানতে চাইলে তিনি বলেন, ওই ইউপি সদস্যই সব জানেন।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, সরকারি হাসপাতালের ওষুধের চালান ভারতে পাচার করার উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় মজুত করা হয়েছে—এমন খবর পেয়ে তিনি দুদিন অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছেন। ধরার চেষ্টা চালাচ্ছিলেন। র্যা ব সেটাই ধরে ফেলেছে। পুলিশের কাছে খবর আছে ফেনসিডিলের বিনিময়ে ওই ওষুধ ভারতে পাচার করা হচ্ছে। তাঁর ধারণা, ওষুধগুলো চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে আনা হতে পারে।