সরকারি ২৬০ বস্তা চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় একটি ট্রাকে এ চাল পাওয়া যায়।
উপজেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য সরকার প্রতি কেজি চাল ১০ টাকা দরে বরাদ্দ দিয়েছে। ট্রাকটিতে ১৩ মেট্রিক টন সরকারি চাল রয়েছে। উপজেলা পত্তন ইউনিয়নের নোয়াগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান এ চালের পরিবেশক (ডিলার)।
তবে গতকাল বৃহস্পতিবার জানতে চাইলে মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই ট্রাকের চাল আমার নয়। আমাকে বরাদ্দ দেওয়া ১১ টন চাল বিক্রি হয়ে গেছে।’
বিজয়নগর থানার ওসি আলী আরশাদ বলেন, ট্রাকের চালকের নাম সামছুল হক। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরে সেটি চালসহ ইউএনও কাছে সোপর্দ করা হয়।
ইউএনও আকতার উন নেছা বলেন, অনেক বস্তার গায়ে আশুগঞ্জ, সরাইলসহ বিভিন্ন উপজেলার সরকারি সিল রয়েছে।