সরকারীকরণ তালিকায় নাম নেই, বিক্ষোভ-ভাঙচুর শিক্ষার্থীদের
সরকারীকরণের তালিকায় নাম না থাকায় বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার সকালে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর ও আসবাবে অগ্নিসংযোগ করেন। পরে শিক্ষার্থীরা এক বিক্ষোভ সমাবেশে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন। মানববন্ধন করেন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে।
শিক্ষার্থীদের অভিযোগ, সরকারীকরণের অগ্রাধিকার তালিকায় থাকা ৪৯ বছরের পুরোনো এই কলেজকে বাদ দিয়ে মাত্র ১৫ বছর আগে প্রতিষ্ঠিত নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজকে সরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই ব্যর্থতার জন্য অধ্যক্ষ দায়ী।
সারা দেশে আরও ২৩টি কলেজকে সরকারীকরণের খবর বের হয় গতকাল রোববার। ওই তালিকায় নাম নেই নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন কলেজটির শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের ভাষ্য, গতকাল সরকারীকরণের তালিকা প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ। আজ সকালে কলেজে গিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। সরকারি না হওয়ার কারণ জানতে তাঁরা অধ্যক্ষের কক্ষে যান। সেখানে অধ্যক্ষকে না পেয়ে তাঁর কক্ষের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা কিছু আসবাব মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেন। এরপর ক্যাম্পাসে সমাবেশ করে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন। পরে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে ১ হাজার ৭০০। ফলও ভালো। সরকারীকরণের জন্য এলাকার সাংসদ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির সুপারিশও ছিল। সরকারীকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় উপজেলার শীর্ষে ছিল এই কলেজ। সবদিক থেকে যোগ্য হওয়ার পরও এই কলেজকে বাদ দিয়ে ২০০১ সালে এমপিওভুক্ত হওয়া উপজেলার অন্য একটি কলেজকে সরকারীকরণ করা হয়েছে। তিনি বলেন, ‘যোগ্য হওয়ার পরও কলেজটি সরকারীকরণের তালিকায় স্থান না পাওয়ায় শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে ব্যর্থতার যে অভিযোগ এনেছেন, সেটা কিছুটা সঠিক।’
রিফাত, তুহিন, আরিফসহ আন্দোলনরত আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, যোগ্যতা থাকার পরও এই কলেজ কেন সরকারীকরণ থেকে বঞ্চিত হলো, তা কলেজে এসে অধ্যক্ষকে জানাতে হবে। একই সঙ্গে সরকারি না হওয়া পর্যন্ত আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন অব্যাহত থাকবে।
আজ দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, সরকারি না হওয়ায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।