সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়ম!

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন বাজারের সরকারি ধান সংগ্রহ কেন্দ্রে সকাল থেকেই ধানভর্তি ট্রাকের সারি। এসব ট্রাক থেকে ধানের বস্তা নামিয়ে সরাসরি গুদামে নিচ্ছেন শ্রমিকেরা। দাঁড়িয়ে আছেন কয়েকজন ধান ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা-কর্মী। গত মঙ্গলবার সকাল নয়টার দিকে এ দৃশ্য দেখা যায়।
তাড়াশের সরকারি ধান সংগ্রহ কেন্দ্রেও গত তিন দিন ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের কথা থাকলেও এ নিয়ম মানা হয়নি। সেখানেও কৃষক নন, ধান নেওয়া হয় ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে। কে কত মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করবেন, তা ঠিক করে দেন স্থানীয় সাংসদ।
গত মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার ওই কেন্দ্রে অন্যান্যের সঙ্গে সলোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনও ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বাড়ির কিছু ধান দেওয়ার জন্য এখানে এসেছি।’
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উল্লাপাড়ায় এবার সরকারিভাবে ৪ হাজার ১০৭ মেট্রিক টন ও তাড়াশে ৩ হাজার ১৬৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। গত বুধবার পর্যন্ত তাড়াশে দেড় হাজার ও উল্লাপাড়ায় ৬০০ টন ধান সংগ্রহ করা হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধান ২৩ টাকা নির্ধারণ করা হয়। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হয় ১৯ জুন এবং ৫ জুলাই শেষ হওয়ার কথা ছিল। পরে এ সময় আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, সাংসদ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীদের ১০ থেকে ১০০ মেট্রিক টন করে ধান সরবরাহের জন্য বরাদ্দ দেন। এ ছাড়া উল্লাপাড়া ও তাড়াশ প্রেসক্লাবের নামেও ৩০ টন করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরাসরি ধান বিক্রি করেন না। তাঁরা ব্যবসায়ী ও চাতালমালিকদের কাছে ধান বিক্রি করেন। এ সুযোগ কাজে লাগিয়ে গুদামের কর্মকর্তারাও টনপ্রতি এক হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। কৌশলে কৃষকদের কৃষি কার্ড নিয়ে সেই নামে ব্যাংকে হিসাব খুলে কিছু অর্থের বিনিময়ে সাদা চেকে কৃষকের স্বাক্ষর করে রাখা হয়। গুদামের কর্মকর্তাদের যোগসাজশে কাগজে-কলমে ঠিক রেখে ধান সংগ্রহ করায় ব্যবসায়ী, নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা লাভবান হলেও প্রকৃত কৃষকেরা বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে আরও দেখা গেছে, উল্লাপাড়ায় গুদামের পাশে দাঁড়িয়ে আছে ৪২০ বস্তা ধানভর্তি একটি ট্রাক। ওই ট্রাকের চালক বাবু মিয়া বলেন, গোবিন্দগঞ্জ হাট থেকে ধান আনা হয়েছে। আরেকটি ট্রাকের চালক জাহাঙ্গীর আলম ২০০ বস্তা ধান নিয়ে অপেক্ষা করছেন। তিনি বলেন, এই ধান সলংগার তালুকদার রাইস মিলের (চাতাল) মালিক আতিক মিয়ার। গত দুই দিন আরও ছয় ট্রাক ধান তিনি এখানে এনেছেন। তাড়াশ গুদামেও দেখা যায় একই চিত্র। সেখানকার একটি ট্রাকের চালক মোজাম্মেল হক বলেন, এই ধান তাড়াশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীর।
এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, ‘আমরা তো কৃষকের সন্তান। এ জন্য সাংসদ আমাদের ৩০ মেট্রিক টন ধান সরবরাহের জন্য বরাদ্দ দিয়েছেন।’
তবে চাতালমালিক আতিক মিয়া বলেন, ‘ধান কেনাবেচা আমার কাজ। যাঁরা বরাদ্দ পেয়েছেন, তাঁদের আমি প্রতি মণ ৭৫০ টাকা দরে সরবরাহ করছি। তাঁরাই গুদামে ৯২০ টাকা করে বিক্রয় করছেন। আমি এ পর্যন্ত ১ হাজার ৬০০ বস্তা ধান সরবরাহ করেছি। আমার মতো ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ী ধান দিচ্ছেন।’
তাড়াশের স্থানীয় স্থানীয় সাংসদ ম ম আমজাদ হোসেন বলেন, কৃষি কার্ডের মাধ্যমেই ধান নেওয়া হচ্ছে। কাউকে তিনি কোনো বরাদ্দ দেননি।
তাড়াশ ও উল্লাপাড়ার কৃষক আকরাম হোসেন, এমদাদুল হক প্রমুখ বলেন, যদি কৃষকেরা সরাসরি সরকারি গুদামে ধান দিতে পারতেন, তা হলে ন্যায্যমূল্য পেতেন।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে উল্লাপাড়া ও তাড়াশ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলী ও ছানোয়ার হোসেন বলেন, কৃষি কার্ডের বাইরে কারও ধান নেওয়া হচ্ছে না। কে ব্যবসায়ী, কে নেতা-কর্মী, এটি দেখা তাঁদের বিষয় নয়।
জেলা খাদ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান বলেন, অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।