সরকারীকরণের আশায় সাংসদকে সোনার নৌকা?
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাংসদ শেখ নুরুল হককে স্থানীয় কয়রা-মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ সাংসদকে দুই ভরির একটি সোনার নৌকা উপহার দিয়েছে। এ জন্য শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগের নেতা এস এম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হাসান, মুক্তিযোদ্ধা কয়রা ইউনিট কমান্ডার কেরামত আলী, সাংসদের ছেলে শেখ মনিরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা আবদুস সাত্তার প্রমুখ।
কয়রা-মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, এটি উপজেলার একটি মডেল স্কুল। স্কুলটিকে সরকারীকরণের জন্য কর্তৃপক্ষ সাংসদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করার উদ্যোগ নিয়েছে। সে কারণে সাংসদকে খুশি করতে সোনার নৌকা উপহার দেওয়া হয়েছে। এর টাকা সংগ্রহের জন্য স্কুলে ৩০ জন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সরকারি হওয়ার মতো অবস্থা থাকলে এমনিই হয়ে যাবে। তার জন্য সাংসদকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। অনেকে এর বিপক্ষে থাকলেও ক্ষমতাসীন দলের সাংসদ হওয়ায় টাকা দিতে হয়েছে। শিক্ষক হয়ে এভাবে ঘুষ দেওয়া আসলে লজ্জাজনক।
কয়রা-মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মণ্ডল জানান, ‘নির্বাচনের পর থেকে এমপি সাহেবকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে তিনি সময় দিতে পারেননি। দেরিতে হলেও তাঁকে সংবর্ধনা দিতে পেরে আমরা সবাই খুশি। তবে দুই ভরির সোনার নৌকাটির টাকা আমরা শিক্ষক-কর্মচারীরা পকেট থেকে দিয়েছি। আর এমপির কাছে স্কুলটাকে জাতীয়করণের জন্য দাবি করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হাসান বলেন, ‘আমি আগে থেকে কিছু জানতাম না। আমার সামনে যখন দেওয়া হলো তখন দেখলাম। তখন আমি কোনো প্রশ্ন করতে পারিনি। স্কুলটি সরকারীকরণের কথা ভেবে হয়তো তাঁরা দিয়েছেন। তবে এভাবে দেওয়া যায় কি না, তা নিয়ে আমারও প্রশ্ন আছে।’
জানতে চাইলে সাংসদ শেখ নুরুল হক বলেন, ‘না, এটা ঘুষ না। স্কুলটি সরকারীকরণের জন্য প্রস্তাব আছে। আমি এটা নিয়ে কাজ করছি। সোনার নৌকাটি উপহার দেওয়া হচ্ছে আমার প্রতি মানুষের ভালোবাসা।’