সরকারের কাছে গম বেচলেন আ.লীগ নেতারা, কৃষক বঞ্চিত
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি উদ্যোগে গম কেনায় ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কৃষকদের কাছ থেকে সরাসরি গম কিনতে হবে। কিন্তু তা অমান্য করে আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে গম কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চলতি মৌসুমে ১৫ লাখ ২৪ হাজার কেজি গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ লাখ কেজি গম কেনা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছ থেকে।
বোয়ালমারীর খাদ্যগুদাম কার্যালয় সূত্রে জানা যায়, ২১ এপ্রিল থেকে গম কেনা শুরু হয়। এ বছর উপজেলায় ১৫ লাখ ২৪ হাজার কেজি (১ হাজার ৫২৪ টন) গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারিভাবে প্রতি কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা। আর বর্তমানে বাজারে প্রতি কেজি গম ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার কয়েকজন কৃষক ও কয়েকটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা গম সংগ্রহের জন্য দলের স্থানীয় নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের একটি তালিকা করেন। বোয়ালমারী যুবলীগের দুই যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মৃধা ও মো. দাউদুজ্জামানসহ কয়েকজন এবং লালন কান্তি খাঁ, অরবিন্দু সাহা, তৈয়ব বিশ্বাস, আকরাম হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী গম সরবরাহ করেছেন।
উপজেলার সাতর ইউনিয়নের কাদেরদী গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, তিনি বিক্রির জন্য গম গুদামে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর গম নেওয়া হয়নি। একই অভিযোগ করেন শেখর ইউনিয়নের শেখর গ্রামের আবদুল লতিফ ও ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামের বাকী শেখ।
উপজেলার ঘোষপুর ইউপির চেয়ারম্যান ফারুক হোসেন অভিযোগ করেন, ‘গম কেনার আগে মাইকযোগে প্রচার করার কথা। কিন্তু এবার তা করা হয়নি। আমাদের ইউনিয়নের কৃষকেরা গম নিয়ে গেলে বলা হয়েছে, সব গম কেনা হয়ে গেছে।’
নিজে কোনো গম গুদামে দেননি দাবি করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মৃধা বলেন, তাঁর সুপারিশে এলাকার দুই কৃষকের মাধ্যমে আটজন কৃষকের নাম দেখিয়ে ২০ টন গম দেওয়া হয়েছে।
আরেক যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান বলেন, ‘আমি একজন কৃষক হিসেবে মাত্র তিন টন গম সরবরাহ করেছি। যারা বঞ্চিত হয়েছে, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’
ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, তিনি ১০ টনের মতো গম সরবরাহ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন তালিকা করে দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী নেতা ও ব্যবসায়ীরা গম দিয়েছেন।
পরমেশ্বর্দী ইউপির চেয়ারম্যান শরীফ মো. নজরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নের কতজন কৃষক গম দিতে পেরেছেন, তা আমি জানি না। তালিকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন করেছেন। এ ব্যাপারে তিনিই ভালো বলতে পারবেন।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, তিনি নিজে কোনো তালিকা করেননি। আর কোনো কৃষক গুদামে গম নিয়ে এসে ফেরত যায়নি। এ ছাড়া গম সরবরাহের ব্যাপারে ব্যবসায়ী বা নেতাদের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ‘কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি। কোনো কৃষক যদি অভিযোগ করে গম দিতে পারেনি, তবে তাকে গম দিতে বলুন। আমরা নিয়ে নেব।’
এ ব্যাপারে কথা বলতে বোয়ালমারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।