সরকারের সঙ্গে ব্যবসা করতে চান সাংসদ আউয়াল
আইনে নিষেধ থাকলেও সরকারের সঙ্গে ব্যবসা করার প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা) আসনের সাংসদ এম এ আউয়াল। তিনি স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে সৌরবিদ্যুতের আওতায় আনার জন্য প্রস্তাব দিয়েছেন। তাঁর কোম্পানির নাম হাভেলি এনার্জি ও টেকনোলজি (প্রা.) লিমিটেড।
সাংসদ আউয়াল তরীকত ফেডারেশনের মহাসচিব। তবে গত ৫ জানুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং থাকার যোগ্য হবেন না।
তবে সাংসদ আউয়াল প্রথম আলোকে বলেন, অন্য সাংসদরা করছেন বলে তিনিও সরকারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সাংসদ এম এ আউয়ালের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যুৎ ঘাটতি মেটাতে হাভেলি এনার্জি অ্যান্ড টেকনোলজি সরকারের সঙ্গে কাজ করতে চায়। দেশের তারাই বৃহৎ সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠান। প্রথমে পাইলট প্রকল্প হিসেবে কাশিমপুর কারাগারে এবং পর্যায়ক্রমে সব কারাগারে সৌরবিদ্যুৎ বসাতে চান। প্রতিমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি তাঁর সাংসদ পরিচয়ের ভিজিটিং কার্ড (পরিচয় কার্ড) দিয়েছেন। প্রস্তাবের সঙ্গে দেওয়া চিঠিতেও নিজেকে সাংসদ ও হাভেলি এনার্জি ও টেকনোলজি (প্রা.) লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উল্লেখ করেছেন।
আইনপ্রণেতা হয়ে সরকারের সঙ্গে ব্যবসা করাটা বিধিসম্মত কি না—জানতে চাইলে এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘অন্য সব সংসদ সদস্য করতে পারলে আমি কেন পারব না। নসরুল হামিদ বিপু (বিদ্যুৎ প্রতিমন্ত্রী), সাংসদ এনামুল হক, সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনসহ অনেকেই সরকারের সঙ্গে ব্যবসা করছেন। তাহলে তাঁরাও তো আইন ভঙ্গ করছেন। আমার তো কিছু করে খেতে হবে, রুটি রুজির ব্যাপার আছে।’
সাংসদ আউয়াল দাবি করেন, কারাগারে সৌরবিদ্যুৎ বসানোর প্রস্তাবটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইতিবাচকভাবে নিয়েছেন। দেশের সরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতেও সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে এবং তারা একটি প্রেজেনটেশন দিতে বলেছে তাঁকে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংসদের প্রস্তাবের ওপর নোট দিয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠান। এরপর নথি চালাচালি শুরু হয়। সম্ভব হলে উন্নয়ন বাজেটের আওতায় এ প্রকল্প প্রস্তাব গ্রহণ করার কথা বলা হয়েছে নথিতে।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাব পেয়েছি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।’
গত মহাজোট সরকারের সময়ে এনামুল হক ও নসরুল হামিদ সরকারের সঙ্গে ব্যবসায় জড়ান। নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য রাজউকের সম্প্রসারিত উত্তরা প্রকল্পে ফ্ল্যাট নির্মাণের ঠিকাদারি কাজ নিয়েছিলেন তাঁরা। সাংসদ এনামুলের প্রতিষ্ঠান নর্দার্ন পাওয়ার সল্যুশন লিমিটেড রাজশাহীর কাটাখালীতে ৫০ মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি করে। তাঁর অপর প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ লিমিটেড রাজশাহী সিটি করপোরেশনের বহুতল সিটি সেন্টার নির্মাণের ঠিকাদারি নেয়। সাংসদ হয়ে সরকারের সঙ্গে ব্যবসা করায় সাংসদ এনামুল হকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংসদ ও নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।