সরকারের ৩৫০ প্লট বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরে ১৯৯৪ সালে পৌনে দুই কাঠা প্লট বরাদ্দ পেয়েছিলেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া। জীবদ্দশায় তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে প্লটটি বুঝে পাননি। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে প্লট উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু পারছেন না। প্লটটি দখল করে ঘর বানিয়ে সেখানে থাকছেন বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা।
প্লট বরাদ্দ দেওয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, শুধু ওই মুক্তিযোদ্ধার প্লট নয়, মিরপুরের রূপনগর সম্প্রসারিত এলাকা ও দোয়ারীপাড়া এলাকায় তাঁদের বরাদ্দ দেওয়া প্রায় সাড়ে তিন শ প্লট এখনো বেদখল অবস্থায় আছে। সেসব প্লটে জমির পরিমাণ সর্বনিম্ন দেড় কাঠা থেকে আড়াই কাঠা। দখলদারদের কেউ কেউ দখলস্বত্বের কথা বলে আদালতে মামলা করেছেন। আবার বরাদ্দ পাওয়া ব্যক্তিদের অনেকেই প্লট উদ্ধারের জন্য মামলা করেছেন। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আকতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই সব প্লটের ব্যাপারে আদালতে মামলা চলছে। আদালতের নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া ছিলেন ব্যাংক কর্মকর্তা। ১৯৯৪ সালের ৩০ জুন গৃহসংস্থাপন অধিদপ্তর তাঁকে রূপনগরের ৫ নম্বর সেকশনের ৪৬ নম্বর সড়কে পৌনে দুই কাঠার ৬ নম্বর প্লটটি বরাদ্দ দেয়। অনেক চেষ্টা-তদবির করেও প্লটটি বুঝে পাননি তিনি। ২০০৮ সালের ২২ অক্টোবর তিনি মারা যান।
জয়নাল আবেদীনের ছেলে মিনহাজুল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের বিএফসিসি শাখার জুনিয়র অপারেশন অফিসার মোল্লা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ওই প্লটটি দখল করে আছেন। টিনশেড ঘর তৈরি করে কয়েকটি কক্ষে পরিবার নিয়ে থাকছেন। কয়েকটি কক্ষ ভাড়া দিয়েছেন।
মিনহাজুল আবেদীন বলেন, তিনি প্লট বুঝে পাওয়ার জন্য গৃহায়ণ অধিদপ্তরে বারবার ধরনা দিয়েছেন। রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে প্রতিবেদনও জমা দিয়েছে। সেটাও তাঁর পক্ষেই গেছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। এখন প্লটটি উদ্ধারের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
গত ৫ জুন মুঠোফোনে যোগাযোগ করা হলে বিমানের কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান প্রথম আলোর কাছে স্বীকার করেন, ওই প্লটের মালিকানার বৈধ কোনো কাগজপত্র তাঁর কাছে নেই। তিনি একজনের কাছ থেকে দখলস্বত্ব কিনে দীর্ঘদিন ধরে সেখানে থাকছেন। তিনি বলেন, ‘সরকার যদি কাউকে প্লটটি বরাদ্দ দেয়, তাহলে তা আমাকেই দেবে। কারণ, আমি প্লটটি বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছি।’ প্লটটি তো জয়নাল আবেদীন ভূঁইয়ার নামে বরাদ্দ দেওয়া আছে বলে তাঁর পরিবার দাবি করেছে—এমনটি জানালে মিজানুর বলেন, ‘এটা আমার দেখার বিষয় না।’
১৯৮৬ সালে একই এলাকায় পৌনে দুই কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম। তাঁর প্লটটিও বেদখল হয়ে আছে। ১১ জুন যোগাযোগ করা হলে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি একবার প্লট উদ্ধারের জন্য গিয়েছিলাম। তখন আমাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে আমি তখনকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। কিন্তু প্লট উদ্ধার করতে পারিনি। এখন আমি পরিবার-পরিজন নিয়ে সিলেটেই থাকছি।’
একই হতাশার কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ম্যাজিস্ট্রেটও। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাবা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা ছিলেন। রূপনগর এলাকায় দুই কাঠার প্লট বরাদ্দ পান তাঁর বাবা। কিন্তু তখন থেকেই প্লট বেদখল হয়ে আছে। তিনি বলেন, ‘আমি বিভিন্নভাবে চেষ্টা করেও প্লট দখলমুক্ত করতে পারিনি। আসলে মিরপুরের একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় দখলদারেরা এখন জমি দখল করে আছেন।’
অনুসন্ধানে জানা গেছে, গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ দেওয়া আরও বেশ কয়েকটি প্লট ইতিমধ্যে বেচাকেনাও হয়ে গেছে। ক্রেতাদের কেউ কেউ দখলদারকে টাকা দিয়ে প্লট বুঝে নিয়েছেন। কেউ কেউ এখনো বুঝে পাননি। দখলদারের কাছ থেকে কিনে পৌনে দুই কাঠার একটি প্লট বুঝে নিয়েছেন আবুল কাশেম নামের একজন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্লট কেনার পর অনেক কষ্টে বুইঝ্যা পাইছি। এখন ওই প্লটেই আছি।’
আবার দখলদারের কাছ থেকে প্লট কেনার পরও বুঝে পাননি মো. ইয়ামিন নামের একজন। আড়াই বছর আগে হেলাল উদ্দিন আফগান নামে একজনের কাছ থেকে পৌনে দুই কাঠার একটি প্লট কিনেছিলেন তিনি। হেলাল উদ্দিন কিনেছিলেন বরাদ্দ পাওয়া এক ব্যক্তির কাছ থেকেই। কিন্তু শুরু থেকেই প্লটটি আরেকজনের বেদখলে। ইয়ামিন বলেন, ‘এলাকার কয়েকজন মীমাংসা করে দিবে বলায় কিনেছিলাম। কিন্তু এখনো প্লট পাইনি।’
এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক প্রথম আলোকে জানান, ওই এলাকায় মোট ৪৭৪টি প্লট বেদখলে ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কয়েকটি প্লট দখলমুক্ত করা হয়। কিন্তু এর মধ্যে কয়েকটি আবার দখল হয়ে যায়। কেউ কেউ মীমাংসা করে প্লট বুঝে নিয়েছেন। বরাদ্দ পাওয়া ব্যক্তিদের কেউ কেউ আবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে টাকা উঠিয়ে নিয়েছেন। কিছু প্লটের ব্যাপারে আদালতে মামলা চলছে। সব মিলিয়ে এখন সাড়ে তিন শর মতো প্লট বেদখলে আছে। অচিরেই প্লটগুলো দখলমুক্ত করা হবে বলে তিনি প্রথম আলোকে বলেন।