
তিন দফা নোটিশ ও চিঠি চালাচালির পরও অপসারণ করা হয়নি অবৈধ বিলবোর্ড। এ কারণে ব্যাহত হচ্ছে নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত উড়ালসড়কের নির্মাণকাজ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই উড়ালসড়কটি নির্মাণ করছে।
বিলবোর্ডের কারণে প্রকল্প এলাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করা যাচ্ছে না বলে জানান ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এ পর্যন্ত ১০ শতাংশ কাজ হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৮ শতাংশ।
উড়ালসড়কের প্রকল্প এলাকায় ছোট-বড় মিলিয়ে ১৭৪টি বিলবোর্ড ছিল। এটির নির্মাণকাজ ২০১৪ সালের ১২ নভেম্বর শুরু হলেও বিলবোর্ড অপসারণে প্রায় ১০ মাস আগেই অর্থাৎ গত বছরের ৩ ফেব্রুয়ারি সিটি করপোরেশনকে চিঠি দেয় সিডিএ। এরপর আরও দুই দফা চিঠি ও নোটিশ চালাচালি হয়। কিন্তু এখনো বিলবোর্ডমুক্ত হয়নি প্রকল্প এলাকা।
সিডিএ সূত্র জানায়, তাদের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ ফেব্রুয়ারি সিটি করপোরেশন কর্তৃপক্ষ সাত দিনের মধ্যে বিলবোর্ড সরিয়ে নিতে সেগুলোর স্থাপনকারী ১৪টি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। কিন্তু ১০ মাসে একটি বিলবোর্ডও সরিয়ে নেয়নি কেউ। পরে নির্মাণকাজ শুরু হলে ঠিকাদার প্রতিষ্ঠান ও সিডিএর সহায়তায় কিছু বিলবোর্ড সরিয়ে ফেলা হয়। কিন্তু বড় বড় ১৯টি বিলবোর্ড এখনো রয়ে গেছে। এগুলো সরাতে সর্বশেষ গত রোববার সিটি করপোরেশনের মেয়র বরাবর চিঠি দেয় ঠিকাদার প্রতিষ্ঠানটি।
৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়ালসড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১২ নভেম্বর এটির নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পটির ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স-রেঙ্কিন কোম্পানি। গতকাল সরেজমিনে দেখা যায়, উড়ালসড়ক নির্মাণের জন্য নগরের লালখান বাজার থেকে ওয়াসা মোড়, ওয়াসা ভবনের সামনে থেকে গরীবউল্লাহ শাহ মাজার মোড় ও জিইসি মোড় থেকে সিঅ্যান্ডবি কলোনি মোড় পর্যন্ত ঘেরাও দেওয়া হয়েছে। এই ঘেরাও দেওয়া এলাকার মধ্যে দাঁড়িয়ে আছে বড় বড় বিলবোর্ড। এরই মধ্যে উড়ালসড়কের পাইলিং ও গার্ডার নির্মাণের কাজ চলছে।
এ বিষয়ে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, বারবার তাগাদা দেওয়ার পরও বিলবোর্ডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না। ১০ বার বলার পর একটু কাজ হয়। এ কারণে ধীর গতিতে চলছে পাইলিং ও গার্ডারের কাজ। তিনি জানান, নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রকল্প এলাকায় বড় আকারের ৩৪টি বিলবোর্ডের মধ্যে মাত্র ১৫টি অপসারিত হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক বলেন, প্রকল্প এলাকা থেকে বিলবোর্ডগুলো অপসারণে রোববার মেয়রকে চিঠি দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এগুলো দ্রুত সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।