সরঞ্জাম চুরিতে হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ
ফরিদপুর জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ (ওটি) থেকে বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চুরির পর হাসপাতালটিতে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের জ্যেষ্ঠ কনসালটেন্ট উষা রঞ্জন চক্রবর্তী বলেন, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। ওই কক্ষের ল্যাপরোস্কপিকের ক্যামেরা, এয়ারকন্ডিশনারের কম্প্রেসারসহ ১৩ ধরনের যন্ত্রপাতি চুরি হয়েছে। এতে হাসপাতালটিতে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালটিতে প্রতি সপ্তাহে গড়ে ১৫-১৬টি অস্ত্রোপচার করা হয়। অপেক্ষাকৃত দরিদ্র রোগীরা এ হাসপাতালটিতে সেবা গ্রহণ করে। আজ অস্ত্রোপচারের তারিখ ছিল এমন রোগীরা বিপাকে পড়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন (সিএস) ও হাসপাতালের তত্ত্বাবধায়ক অসিত রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, হাসপাতালের নৈশ প্রহরীর পদ না থাকায় চতুর্থ শ্রেণির কর্মচারী দিয়ে নৈশ প্রহরীর কাজ করানো হয়। গতকাল রাতে দুজন চতুর্থ শ্রেণির কর্মচারী হাসপাতালের পাহারায় ছিলেন।
জেলা সিভিল সার্জন আরও বলেন, যন্ত্রপাতি চুরির কারণে আজ অস্ত্রোপচার সম্পূর্ণ বন্ধ থাকলেও জরুরি ভিত্তিতে সেটি ওটি চালু করার চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আকরাম হোসেন বাদী হয়ে একটি চুরির মামলা করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপারেশন কক্ষের শৌচাগারের জানালার শিক বাঁকা করা ছিল। ধারণা করা হচ্ছে, সেখান দিয়ে চোর ঢুকেছে। নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালনকারী দুই চতুর্থ শ্রেণির কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।