সরবরাহের দায়িত্বে মাদ্রাসার দপ্তর সহকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে দরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি প্রকল্পের সরবরাহকারীর দায়িত্ব পেয়েছেন উপজেলার একটি মাদ্রাসার দপ্তর সহকারী। অথচ নিয়ম অনুযায়ী সরকারের কাছ থেকে বেতন-ভাতা পাচ্ছেন এমন ব্যক্তি সরকারের সঙ্গে কোনো ব্যবসা করতে পারেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারীতে হতদরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। ১০ সেপ্টেম্বর নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নে এই কর্মসূচি শুরু হয়।

স্থানীয় সাংবাদিক মো. আবদুল হান্নান মাহমুদ ও মো. এনামুল হক বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ জনকে খাদ্য সরবরাহকারী (ডিলার) নিযুক্ত করে চাল বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। শেরপুর ফাজিল মাদ্রাসার অফিস সহকারী মো. শওকত আলী ডিলারের দায়িত্ব পেয়েছেন।

গতকাল রোববার ওই মাদ্রাসায় গিয়ে শওকত আলীর সঙ্গে কথা বললে, তিনি ডিলারের দায়িত্ব পালন করার কথা স্বীকার করেন। তিনি বলেন, তাঁর দোকানটি পাশের খারুয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে অবস্থিত। সরকারি গুদাম থেকে তাঁর নামে চাল বরাদ্দ দেওয়া হয়। সেটা তুলে তিনি নিজের দোকানে নিয়ে আসেন এবং বিক্রি করেন। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. জয়নুল আবেদীন বলেন, ব্যবসার ট্রেড লাইসেন্স ও নিজস্ব দোকানঘর থাকার বিষয়টি নিশ্চিত হয়ে শওকত আলীকে খাদ্য সরবরাহকারীর দায়িত্ব দেওয়া হয়। কেউ পরিচয় গোপন করলে যাচাই করার সুযোগ থাকে না।