সরাইল ও ধরমপাশায় দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গলানিয়া গ্রামে বিলকিছ বেগম নামের এক গৃহবধূকে গত বৃহস্পতিবার রাতে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাঙালভিটা গ্রামে লতিফা খাতুন (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী সামাদ মিয়া (২৬) শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে গলানিয়া গ্রামের বিলকিছ বেগমের (২৫) সঙ্গে একই গ্রামের সোলেমান (৩৩) মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোলেমানের সঙ্গে বিলকিছের কলহ লেগেই ছিল। বৃহস্পতিবার রাত নয়টার দিকেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় সোলেমান বিলকিছকে মারধর করেন।
রাত সাড়ে ১০টার দিকে সোলেমানের বড় ভাই আমীর আলী বিলকিছকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মাজহারুল ইসলামকে বলেন, বিলকিছ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। বিষয়টি চিকিৎসা কর্মকর্তার কাছে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। একপর্যায়ে আমীর পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিলকিছের লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে ধরমপাশা উপজেলার বাঙালভিটা গ্রামের লতিফা খাতুনের সঙ্গে একই গ্রামের সামাদ মিয়ার বিয়ে হয়। পাঁচ বছর আগে সামাদ মিয়া আরও একটি বিয়ে করেছিলেন। তিন চার মাস আগে তিনি প্রথম স্ত্রীকে তালাক দেন। আগের স্ত্রীর সঙ্গে সামাদ মিয়া প্রায়ই মুঠোফোনে কথা বলতেন। এ অবস্থায় লতিফা তাঁর বাবার বাড়িতে চলে যান। গত বৃহস্পতিবার রাতে সামাদ শ্বশুরবাড়িতে যান। গতকাল সকাল ছয়টার দিকে পরিবারের লোকজন ঘরে ঢোকে দেখে ঘরের আড়ার সঙ্গে লতিফার লাশ ঝুলছে। মধ্যনগর থানার ওসি মাজহারুল হক বলেন, এ ঘটনায় সামাদ মিয়াসহ তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন নিহতের এক স্বজন।